ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]
৩২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গাজীপুরে শ্রমিক অসন্তোষে কাঁদানে গ্যাস-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৬, ২৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে শ্রমিক অসন্তোষে কাঁদানে গ্যাস-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ছবি: সংগৃহীত

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর গুজব ও ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেছে। এ ঘটনায় সকালে ২৩টি কারখানায় সাধারণ ছুটি এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ইসলাম গার্মেন্টসের এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে এ অসন্তোষের সূত্রপাত হয়। শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে আশপাশের কয়েকটি কারখানাতেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা সকালে কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হন। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন তাঁরা। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সকাল পৌনে ১০টার দিকে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা।

সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানান। একই সময়ে বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সকাল থেকে শ্রীপুর ও মহানগরীর কোনাবাড়ী, জরুন এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ডেইলি-বাংলাদেশ/এমকে/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!