ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
নবগঙ্গা নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ মিলল ৫ দিন পর
নড়াইলের লোহাগড়ায় নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর খদেজা বেগম (৮৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার খলসাখালি এলাকায় নবগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খদেজা বেগম লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের মৃত আক্কাস আলির স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে পৌরসভার সি.এন্ড.বি ব্রিজের পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে যান খদেজা বেগম। নদীতে নামার পর তিনি আর তীরে ফিরে আসেননি। পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে খুলনা থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালায়। তবে সেদিনও তার সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে খলসাখালি এলাকায় নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।