ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভোলার সাংবাদিক হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩১, ২৪ নভেম্বর ২০২৬
ভোলার সাংবাদিক হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
ভোলার সাংবাদিক এম. হাবিবুর রহমান। ফাইল ছবি

দ্বীপজেলা ভোলার প্রথিতযশা সাংবাদিক, দৈনিক বাংলার কণ্ঠের প্রকাশক ও সম্পাদক এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৪ নভেম্বর। দীর্ঘ প্রায় ছয় দশকের সাংবাদিকতা জীবনের অবসান ঘটিয়ে ২০২৫ সালের এই দিনে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

১৯৪৪ সালের ৩১ জানুয়ারি ভোলা শহরের ঐতিহ্যবাহী সিকদার বাড়িতে জন্মগ্রহণ করেন হাবিবুর রহমান। তাঁর বাবা মৃত মো. সেকান্দার আলী সিকদার এবং মা মৃত সায়েদা খাতুন। ১৯৫৯ সালে ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৬২ সালে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে স্নাতক এবং ১৯৭২ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৭৩ সালে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) তৎকালীন ভোলা মহকুমা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। ১৯৮৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ বেতারের ভোলা জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে প্রকাশক ও সম্পাদক হিসেবে ভোলা থেকে প্রকাশ করেন দৈনিক বাংলার কণ্ঠ। সরকারি নিবন্ধনভুক্ত ও ডিএফপির তালিকাভুক্ত পত্রিকাটি টানা ৩১ বছর ধরে প্রকাশিত হচ্ছে।

ষাটের দশকের শেষ দিকে তৎকালীন পূর্বদেশ পত্রিকার সঙ্গে যুক্ত হন হাবিবুর রহমান। পরে দ্বীপাঞ্চল ভোলার সংবাদদাতা হিসেবে কাজ শুরু করেন। ১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াবহ জলোচ্ছ্বাসের পর পূর্বদেশে তাঁর ‘কাঁদো বাঙালি কাঁদো, ভোলার গাছে গাছে ঝুলছে মানুষের লাশ’ শিরোনামে প্রকাশিত সচিত্র প্রতিবেদন দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এ প্রতিবেদনের মাধ্যমে জাতীয় পর্যায়ে পরিচিতি পান তিনি।

মহান মুক্তিযুদ্ধের সময় ভোলার ওয়াপদা কলোনি-সংলগ্ন বধ্যভূমির সচিত্র প্রতিবেদনসহ যুদ্ধকালীন নানা সংবাদ পরিবেশন করেন তিনি। এসব সাহসী প্রতিবেদনের মধ্য দিয়ে দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে পরিচিতি অর্জন করেন।

বাংলাদেশ বেতারের ভোলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালনকালে ১৯৮৭ সালে ‘সামিয়া লঞ্চ’ডুবির সংবাদ পরিবেশনের জন্য রাষ্ট্রপতি পদক পান হাবিবুর রহমান। দীর্ঘদিন ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

সাংবাদিকতার পাশাপাশি সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, নাগরিক প্রতিনিধি, ক্রীড়াবিদ ও সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন হাবিবুর রহমান। স্বাধীনতা-পরবর্তী সময়ে দ্বীপজেলা ভোলার উন্নয়ন, সম্ভাবনা ও প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম জাতীয় পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

ভোলার সাংবাদিকতার পথিকৃৎ হিসেবে বিবেচিত হাবিবুর রহমান সমসাময়িক সাংবাদিকদের মধ্যে অগ্রগণ্য ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত দৈনিক বাংলার কণ্ঠ এখনো উপকূলীয় জনপদের মানুষের কথা তুলে ধরছে। তাঁর ছেলে সাংবাদিক হাসিব রহমান বর্তমানে পত্রিকাটির সম্পাদনার দায়িত্ব পালন করছেন।

নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে অনুপ্রেরণার নাম হয়ে থাকবেন এম. হাবিবুর রহমান। তাঁর কর্ম ও অবদান ভোলার সাংবাদিকতার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাত এবং কোরআন খতমের আয়োজন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!