ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

মনপুরায় তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ

মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৫, ২৪ নভেম্বর ২০২৬
মনপুরায় তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ
মনপুরায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার ইউনিয়নের কোড়ালিয়া বাজারে আয়োজিত মেডিকেল ক্যাম্পের প্রথম দিনে শত শত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পে চিকিৎসাসেবা দেন এমবিবিএস চিকিৎসক ডা. নবীন যাদব ও ডা. সুষ্মিতা রাগবংশী। নারী, শিশু ও বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে ক্যাম্পটি মুখর হয়ে ওঠে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চিকিৎসাসেবা নেন স্থানীয়রা।

দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও স্থানীয় বাসিন্দা মো. ফিরোজ মুন্সির উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

উদ্যোক্তা ফিরোজ মুন্সি বলেন, তিনি সব সময় এলাকার মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকতে চান। আগামী দিনেও এ ধরনের মেডিকেল ক্যাম্প চালু রাখার পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসাসহ এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় বাসিন্দা বিবি হালিমা খাতুন ও মো. রাকিব এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, প্রত্যন্ত এলাকার দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাওয়ার এ আয়োজন অত্যন্ত উপকারী।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ফিরোজ মুন্সি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। তারা তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার সিরাজগঞ্জ বাজারে এবং শেষ দিন বৃহস্পতিবার নতুন বাজারে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। সেখানেও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাবেন।

ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
ট্যাগ: ভোলা মনপুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!