ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৫, ২০ নভেম্বর ২০২৬
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের নিহত ৪
ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামুর মিঠাছড়িতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজিচালকসহ আরও চারজন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির কাটিরমাথা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (২৮), তার বোন কাশিফা জান্নাত রায়হান (২০), শিশু সাহিল (৩) ও পাঁচ মাস বয়সী আরেক শিশু মাশরুফা।

আহতরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল, তাদের এক শিশু সন্তান এবং সিএনজিচালক জয়নাল আবেদীন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতদের স্বজনরা জানান, জোহরের নামাজের পর তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এসময় ট্রেন আসার শব্দ পেয়েও চালক সিএনজি না থামিয়ে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করেন। এসময় ঢাকা-কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত হন আরও কয়েকজন।

রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন জানান, দুর্ঘটনার আশপাশের কয়েকটি সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে, দুর্ঘটনায় অটোরিকশাচালকের অবহেলা ছিল।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!