ঢাকা, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে জনগণকে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
থানা পুড়িয়ে দিলে পুলিশ দায়িত্ব পালন করবে কীভাবে—এমন প্রশ্ন তুলে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।
একই সঙ্গে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে অবস্থান নেওয়ার পাশাপাশি পুলিশকে সহযোগিতা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকালে গোপালগঞ্জ সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।
টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর কার্যক্রম বন্ধ থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘থানাগুলো কাদের জন্য? আমাদের জন্য, নাকি আপনাদের—এই জনগণের জন্য? আপনাদের থানা আপনারা যদি পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কাজ করবে কীভাবে?’
পুলিশের সীমিত জনবল দিয়ে বিপুলসংখ্যক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জ তুলে ধরে আইজিপি বলেন, একটি থানায় ২০ জন পুলিশ সদস্যের বিপরীতে ১০ লাখ মানুষ থাকলে জনগণের মানসিক সমর্থন ও সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে দায়িত্ব পালন করা কঠিন।
পুলিশের প্রয়োজনীয়তা ও কার্যক্রমের বিষয়ে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে।’
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে আইজিপি বলেন, ‘আপনারা শান্তিপ্রিয় মানুষ। এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন। যারা অশান্তি তৈরি করে, তাদের বিপক্ষে অবস্থান নেন। এদের সংখ্যা খুব বেশি নয়।’
জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিজের মূল্যায়ন তুলে ধরে তিনি বলেন, ‘পরিস্থিতি আজ পর্যন্ত অনেক ভালো দেখছি, আগামীতেও ভালো থাকবে।’সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে কি না, এমন প্রশ্নে তিনি জানান, এ বিষয়ে জনগণের চাহিদা অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি ঘোষণার বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘আগেও আপনারা দেখেছেন অনেক লাগাতার প্রোগ্রাম হয়েছে; পরিণতি কী হয়?’ পরিস্থিতি এমন পর্যায়ে না নেওয়ার বিষয়ে সতর্ক করে তিনি ইঙ্গিত দেন, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নিতে না হয়।
এর আগে, সকালে গোপালগঞ্জ পুলিশ লাইন্সে পুলিশের কল্যাণ সভায় অংশ নেন আইজিপি। পরে বিকাল ৩টার দিকে সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন তিনি। এতে তার সঙ্গে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহম্মেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে বিকাল ৪টার দিকে তারা ঢাকার উদ্দেশে রওনা হন।
গত ১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ধারাবাহিক সহিংসতার ঘটনা ঘটে। আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৫টির বেশি গাড়িতে আগুন দেওয়া হয়। জেলার তিনটি সংসদীয় আসনের সংসদ সদস্যদের বাড়িসহ বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার পর থেকে পুড়িয়ে দেওয়া দুই থানার কার্যক্রম বন্ধ রয়েছে।