ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

জয়পুরহাটে ১ কেজি নতুন আলুতে মিলছে ৬ কেজি পুরাতন আলু

জনি সরকার, জয়পুরহাট:
প্রকাশিত: ১৫:২৯, ২৮ নভেম্বর ২০২৬
জয়পুরহাটে ১ কেজি নতুন আলুতে মিলছে ৬ কেজি পুরাতন আলু
ছবি:ডেইলি বাংলাদেশ

শীতের আগমনী বার্তার সঙ্গে বাজারে উঠতে শুরু করেছে নতুন আলু। তবে মৌসুমের শুরুতেই নতুন আলুর দাম চড়া হওয়ায় তা কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। জয়পুরহাটের নতুনহাট এলাকায় এক কেজি নতুন আলুর দামে পাওয়া যাচ্ছে প্রায় ছয় কেজি পুরাতন আলু। দামের এমন ব্যবধানে বাজারে নতুন আলু নিয়ে ক্রেতাদের মধ্যে চলছে নানা আলোচনা।

শনিবার (২৮ নভেম্বর) বাজার ঘুরে দেখা যায়, নতুন আলু বাজারে আসতে শুরু করলেও দাম তুলনামূলক বেশি। বর্তমানে বাজারে প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। অন্যদিকে পুরাতন আলুর দাম অনেকটা কম। প্রতি কেজি পুরাতন আলু বিক্রি হচ্ছে মাত্র ২০ টাকা দরে। অর্থাৎ এক কেজি নতুন আলুর দাম দিয়েই কেনা যাচ্ছে ছয় কেজি পুরাতন আলু।

দামের এমন ব্যবধানের কারণে অধিকাংশ ক্রেতাই পুরাতন আলু কিনতে আগ্রহ দেখাচ্ছেন। কেউ কেউ নতুন আলুর স্বাদ নিতে সামান্য পরিমাণ কিনলেও বেশি দামের কারণে চাহিদা অনুযায়ী কিনতে পারছেন না।

নতুনহাট এলাকার আলু বিক্রেতা আবু জাফর বলেন, “নতুন আলু বাজারে আসতে শুরু করেছে। তবে এখনো সরবরাহ তুলনামূলক কম। এ কারণে নতুন আলুর দাম বেশি। অন্যদিকে পুরাতন আলু পর্যাপ্ত থাকায় দাম অনেক কম। বাজারে নতুন আলুর সরবরাহ বাড়লে দামও কমে আসবে বলে আশা করছি।”

আলু কিনতে আসা একজন ক্রেতা ইকবাল বলেন, “নতুন আলু খেতে সবারই ভালো লাগে। কিন্তু দাম অনেক বেশি হওয়ায় ইচ্ছা থাকলেও বেশি করে কেনা যাচ্ছে না। এক কেজি নতুন আলুর দাম দিয়ে ছয় কেজি পুরাতন আলু পাওয়া যাচ্ছে। তাই পরিবারের চাহিদা মেটাতে পুরাতন আলুই কিনতে হচ্ছে।”

স্থানীয় ক্রেতাদের মতে, নতুন আলুর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে এলে বাজারে এর চাহিদা আরও বাড়বে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে নতুন আলু সহজলভ্য করতে বাজারে সরবরাহ বাড়ানো প্রয়োজন।

সব মিলিয়ে নতুনহাট এলাকায় নতুন ও পুরাতন আলুর দামের এই বিশাল ব্যবধান এখন ক্রেতা-বিক্রেতাদের আলোচনার বিষয় হয়ে উঠেছে। নতুন আলুর সরবরাহ বাড়ার পাশাপাশি দাম কমবে—এমন প্রত্যাশা করছেন সাধারণ ক্রেতারা।

ডেইলি-বাংলাদেশ/জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!