ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
তিন সীমান্তে বিজিবির অভিযান
সুনামগঞ্জের তিন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কম্বল ও ফুসকা এব রসুন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ১৪ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২৮ নভেম্বর) সকালে জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও সদর উপজেলার তিনটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলার চানপুর বিওপির সদস্যরা সীমান্ত থেকে ২০টি ভারতীয় কম্বল উদ্ধার করেন। বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপির সদস্যরা উদ্ধার করেন ২৫ কেজি ভারতীয় ফুসকা। অন্যদিকে, সুনামগঞ্জ সদর উপজেলার চিনাউড়া বিওপির সদস্যরা ভারতে পাচারকালে ১৫ বস্তা রসুন উদ্ধার করেন।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অভিযান চালানোর সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য ও ভারতে পাচারকালে রসুন উদ্ধার করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম জোরদার রয়েছে। উদ্ধার করা সব মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।