ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
জীবননগরে লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু, আহত ১
চুয়াডাঙ্গার জীবননগরে মাটিভর্তি অবৈধ লাটাহাম্বারের ধাক্কায় তাসফিয়া ফারিহা (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সম্রাট নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসফিয়া ফারিহা একই ইউনিয়নের ছটেঙ্গাপাড়া গ্রামের খবির হোসেনের মেয়ে। সে জীবননগর প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। আহত সম্রাট একই গ্রামের আব্দুল গফুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালে একটি অনুষ্ঠানে অংশ নিতে সম্রাটের বাইসাইকেলে চড়ে স্কুলে যাচ্ছিল তাসফিয়া। পথে কালা মসজিদের কাছে পৌঁছালে জীবননগর থানা এলাকা থেকে আসা মাটিভর্তি দ্রুতগতির একটি লাটাহাম্বার (শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান) তাদের বহনকারী সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পাকা সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় তাসফিয়া। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় সাইকেলচালক সম্রাটের একটি হাত ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত পান তিনি। দুর্ঘটনার পরপরই লাটাহাম্বারের চালক ও গাড়িতে থাকা অন্য ব্যক্তিরা পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলায়মান জানান, মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফারিহার মৃত্যু হয়েছে। লাটাহাম্বারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। চালককে আইনের আওতায় আনতে পুলিশের একটি দল কাজ শুরু করেছে।