ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

বাংলাদেশে কনসার্ট করতে পারেন শাকিরা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৫১, ২৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশে কনসার্ট করতে পারেন শাকিরা
ফাইল ছবি

রোমানিয়ান পপতারকা ওটিলিয়ার কনসার্টের রেশ কাটতে না কাটতেই ঢাকার সংগীতপ্রেমীদের জন্য নতুন চমকের আভাস দিলেন আয়োজকরা। এবার বিশ্বখ্যাত কলম্বিয়ান পপতারকা শাকিরাকে বাংলাদেশে আনার পরিকল্পনার কথা জানিয়েছে ই-মেকার্স বাংলাদেশ।

আয়োজক প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিলে বাংলাদেশে শাকিরার কনসার্ট আয়োজন করা হতে পারে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে এ আন্তর্জাতিক সংগীত আয়োজনের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি এভিনিউয়ে ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। তার এ ঘোষণার পর থেকেই ঢাকায় শাকিরার পরিবেশনা দেখার সম্ভাবনা নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী শাকিরা। ‘ওয়াকা ওয়াকা’ ও ‘হিপস ডোন্ট লাই’-এর মতো জনপ্রিয় গান দিয়ে বিশ্বজুড়ে কোটি কোটি শ্রোতার মন জয় করেছেন তিনি। বিশেষ করে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের আনুষ্ঠানিক সংগীত ‘ওয়াকা ওয়াকা’ তাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও ব্যাপক পরিচিতি এনে দেয়।

ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি বাংলাদেশের সংগীতাঙ্গনে অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজন হতে পারে।

তবে এখন পর্যন্ত কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য, বিক্রির সময়সূচি কিংবা অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আয়োজক প্রতিষ্ঠান। শাকিরার পক্ষ থেকেও বাংলাদেশে আসার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে আপাতত বিষয়টিকে আয়োজক প্রতিষ্ঠানের সম্ভাব্য কনসার্ট পরিকল্পনা হিসেবেই দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!