ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

আট দিনের মধ্যে নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৪৪, ২৮ নভেম্বর ২০২৬
আট দিনের মধ্যে নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের
বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট।

বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হলেও আগামী আট দিনের মধ্যে নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত গাদি আইজেনকোট। শুক্রবার (২৭ নভেম্বর) দুটি জোট চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়ে এ অঙ্গীকার করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকোট বলেন, এক সপ্তাহ আগে তিনি সরকার গঠনের তিনটি প্রধান পথ চিহ্নিত করেছিলেন। প্রতিটি পথেই সমঝোতায় পৌঁছানোর সব সম্ভাবনা কাজে লাগানোর অঙ্গীকার করেছিলেন তিনি। এর মধ্যে কয়েকটি পথ থেকে ইতিবাচক সাড়া ও সহযোগিতার সদিচ্ছা পাওয়ায় একটি জোট, আনুষ্ঠানিক চুক্তি এবং নতুন সরকারের নীতিগত নির্দেশিকা তৈরি করা সম্ভব হয়েছে।

তবে প্রকাশ্যে কিংবা পর্দার আড়ালে—কোনো পর্যায়ের আলোচনাতেই লিকুদ পার্টির সঙ্গে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানান আইজেনকোট। তিনি বলেন, গত দুই সপ্তাহে তার ইয়াশার পার্টি ও লিকুদের আলোচক দল পাঁচটি বৈঠক করেছে। কিন্তু আলোচনা এগিয়ে নেওয়ার প্রস্তাবগুলো লিকুদ বারবার প্রত্যাখ্যান করেছে। তার মতে, লিকুদের সদিচ্ছা থাকলে দুই সপ্তাহ ও পাঁচটি বৈঠকই সমঝোতায় পৌঁছানোর জন্য যথেষ্ট ছিল।

আইজেনকোট বলেন, ‘মৌলিক বিষয়গুলোতে অগ্রগতি সাধনে লিকুদ কোনো সদিচ্ছা দেখায়নি।’ তার অভিযোগ, ইসরায়েলিদের জীবনযাত্রাকে প্রভাবিত করে এমন বিষয়গুলো এড়িয়ে দলটি শুধু প্রধানমন্ত্রিত্বের পালাবদলসংক্রান্ত ক্ষমতা ভাগাভাগির আলোচনায় সীমাবদ্ধ ছিল। গত দুই সপ্তাহে তারা কোনো ছাড় দেয়নি, এমনকি সুনির্দিষ্ট প্রস্তাবও উপস্থাপন করেনি।

লিকুদ ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আন্তরিক আলোচনায় বসবে, নাকি ‘রাজনৈতিক নাটক ও সময়ক্ষেপণের কৌশল’ চালিয়ে যাবে—এমন প্রশ্নও তোলেন আইজেনকোট। তবে লিকুদ দৃষ্টিভঙ্গি বদলে সমঝোতার জন্য সাহসী সিদ্ধান্ত নিতে চাইলে তার দরজা খোলা থাকবে বলে জানান তিনি।

এদিকে ইসরায়েল বেইতেইনু ও ডেমোক্র্যাটস পার্টির সঙ্গে দুটি জোট চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছেন আইজেনকোট। যত দ্রুত সম্ভব টুগেদার পার্টির সঙ্গেও চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানান তিনি। দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও তা যেন নির্বাচনের মূল লক্ষ্য—‘ইসরায়েলের ইহুদি, গণতান্ত্রিক ও উদারনৈতিক চরিত্র রক্ষা করে এবং সমতার ভিত্তিতে’ নতুন সরকার গঠন—ব্যাহত না করে, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

নিজের হাতে থাকা সময়ের মধ্যে সরকার গঠনের কাজ শেষ করে আস্থা ভোটের জন্য নেসেটে উপস্থাপনের দৃঢ়তা পুনর্ব্যক্ত করেন আইজেনকোট। তিনি বলেন, ‘আমাকে দেওয়া দায়িত্ব কাজে লাগিয়ে নতুন সরকার গঠনের দৃঢ় সংকল্প আমি পুনর্ব্যক্ত করছি। মাত্র আট দিন বাকি আছে এবং আমি এই সময়ের মধ্যেই কাজটি সম্পন্ন করতে বদ্ধপরিকর।’

আগামী ৬ ডিসেম্বর তার প্রাথমিক সময়সীমা শেষ হবে। তবে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের কাছ থেকে অতিরিক্ত ১৪ দিন সময় বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে, যা আর নবায়নযোগ্য নয়।

সরকার গঠনের পরও ইসরায়েলে স্থিতিশীলতা ফেরাতে আগ্রহী যেকোনো দল বা নির্বাচিত প্রতিনিধিকে নিয়ে জোট সম্প্রসারণের কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন আইজেনকোট।

এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, অতি-রক্ষণশীল ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগসংক্রান্ত আইন নিয়ে প্রাথমিক সমঝোতার পর ইয়াশার ও ইউনাইটেড তোরাহ জুডাইজম জোটের আলোচনায় অগ্রগতি হয়েছে। দেগেল হাতোরাহর দুই ধর্মীয় নেতা আলোচনা চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছেন বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

উল্লেখ্য, নেতানিয়াহুর পক্ষে ৪৬ জন আইনপ্রণেতার সুপারিশের বিপরীতে ৬৭ জন আইনপ্রণেতার সুপারিশ পাওয়ার পর গত ৮ নভেম্বর আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট হার্জোগ। এ ক্ষেত্রে সাতজন আইনপ্রণেতা কোনো পক্ষেই সুপারিশ করেননি। তবে জোটে অংশগ্রহণ নিয়ে দলগুলোর মতবিরোধ থাকায় নেসেটে আস্থা ভোটের সমর্থন এখনো নিশ্চিত হয়নি।

‘পরিবর্তন শিবিরে’ থাকা আইজেনকোটের ইয়াশার, নাফতালি বেনেটের টুগেদার, আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেইনু এবং ইয়াইর গোলানের ডেমোক্র্যাটস পার্টির নেতাদের মধ্যে সম্ভাব্য জোটসঙ্গী নিয়ে মতভেদ রয়েছে। বেনেট লিকুদের সঙ্গে ঐক্যের সরকার গঠনের পক্ষে। লিবারম্যান অতি-রক্ষণশীল দলগুলোর সঙ্গে জোটের পক্ষে। অন্যদিকে, গোলান নেতানিয়াহুর অংশগ্রহণের বিরোধিতা করে আরব দলগুলোর সমর্থন চান।

সূত্র: মিডল ইস্ট মনিটর

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!