ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
রুশ নৌবহরে যুক্ত হলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ
চলতি দশকের শেষ নাগাদ নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক ডুবোজাহাজ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাশিয়া। এর অংশ হিসেবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নতুন একটি পারমাণবিক ডুবোজাহাজ নৌবাহিনীতে যুক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আলজাজিরার।
শুক্রবার (২৭ নভেম্বর) রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে ‘পার্ম’ নামের ডুবোজাহাজটির নৌবাহিনীতে অন্তর্ভুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুতিন।
রুশ কর্তৃপক্ষের দাবি, ‘ইয়াসেন-এম’ শ্রেণির এই ডুবোজাহাজটি দেশটির প্রথম পারমাণবিক ডুবোজাহাজ, যাতে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সংযোজন করা হয়েছে।
অনুষ্ঠানে পুতিন বলেন, বিশ্বে খুব কম দেশই এ ধরনের শক্তিশালী পারমাণবিক ডুবোজাহাজ তৈরি করতে সক্ষম। এসব অস্ত্রের পাল্লা ও কৌশলগত গুরুত্ব বিশ্বজুড়ে বিস্তৃত।
তিনি জানান, ২০৩০ সালের মধ্যে রাশিয়ার নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক ডুবোজাহাজ যুক্ত করা হবে। এর মধ্যে তিনটি হবে ইয়াসেন-এম শ্রেণির, যা পার্মের মতো একই প্রযুক্তিতে তৈরি।
পুতিনের ভাষ্য, এসব ডুবোজাহাজ বিশ্বের যেকোনো সমুদ্র এলাকায় অভিযান চালাতে সক্ষম। এগুলোতে বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করা যাবে।
পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। পানির নিচে দীর্ঘ সময় গোপনে অবস্থানের সক্ষমতার কারণে শত্রুপক্ষের হামলার পরও পাল্টা আঘাত হানার সুযোগ থাকে এসব ডুবোজাহাজের।
অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট নৌবাহিনীর আধুনিকায়ন অব্যাহত রাখার ঘোষণা দেন। একই সঙ্গে শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার পরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।