ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

হরমুজে মার্কিন অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার দাবি ইরানের

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৪০, ২৮ নভেম্বর ২০২৬
হরমুজে মার্কিন অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার দাবি ইরানের
সংগৃহীত ছবি

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ উপেক্ষা করে ইরানের বন্দর ও জাহাজ চলাচল অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি। তিনি বলেছেন, ইরানি জাহাজগুলোকে নৌবাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে যুদ্ধের মধ্যে নৌ অবরোধ আরোপকে যুক্তরাষ্ট্রের পরাজয়ের ইঙ্গিত বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (স্থানীয় সময়) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন শাহরাম ইরানি। এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শাহরাম ইরানি বলেন, চলমান যুদ্ধের মধ্যে নৌ অবরোধ আরোপের কোনো যৌক্তিকতা নেই। যুদ্ধ শুরুর আগে এ ধরনের অবরোধ দেওয়া হয়। যুদ্ধ চলার সময় অবরোধ আরোপের অর্থ হলো, যুদ্ধ এরই মধ্যে হেরে যাওয়া।

সাক্ষাৎকারে ইরানের নৌবাহিনীর প্রধান আরও দাবি করেন, যুদ্ধের দ্বিতীয় দিনেই পরীক্ষামূলকভাবে প্রথমবার ব্যবহার করা একটি ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে হামলা চালিয়েছিল ইরান। হামলার পর আহতদের সরিয়ে নিতে রণতরিটি আঞ্চলিক দেশগুলোর সহায়তা চেয়েছিল বলেও দাবি করেন তিনি।

ইরানের সংবাদ সংস্থা ফার্সের বরাতে তিনি বলেন, ‘যুদ্ধের দ্বিতীয় দিনেই আমরা শত্রুর ওপর প্রথম আঘাত হানি। প্রথমবার পরীক্ষামূলকভাবে ব্যবহার করা একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউএসএস আব্রাহাম লিংকনে হামলা চালাই।’

ইরানি আরও দাবি করেন, ইরানের জলসীমা থেকে মার্কিন বাহিনীকে পিছু হটতে বাধ্য করা হয়েছে। তার ভাষ্য, ইরানের অভ্যন্তরীণ জলসীমায় প্রবেশের চেষ্টা করা মার্কিন বাহিনী এখন হরমুজ প্রণালি পার হওয়ার সুযোগ খুঁজছে।

তিনি বলেন, মার্কিন বাহিনীকে পারস্য উপসাগরে পিছু হটিয়ে দেওয়া হবে। পাশাপাশি আরব সাগর ও উত্তর ভারত মহাসাগরেও তাদের অগ্রযাত্রা আটকে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

ইরানের বন্দর সচল থাকার দাবি

মার্কিন নৌ অবরোধের বিষয়ে শাহরাম ইরানি বলেন, ইরানের বন্দরগুলো এখনো সচল রয়েছে এবং দেশটির জাহাজগুলোকে নৌবাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘শত্রুর অবরোধ ভেঙে বেরিয়ে আসার কার্যক্রম চলছে এবং আমাদের বন্দরগুলো এখনো সচল রয়েছে।’

তিনি আরও বলেন, প্রচারণায় যা-ই বলা হোক না কেন, ইরানের জাহাজগুলোকে নৌবাহিনীর নিরাপত্তা দেওয়া হচ্ছে। নাবিকদের পাশে রয়েছে নৌবাহিনী।

যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতি বিপর্যস্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, শত্রুপক্ষ যেকোনো উপায়ে ইরানের অর্থনীতির প্রাণপ্রবাহ বন্ধ করার চেষ্টা করছে, তবে এখন পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে।

এ ছাড়া মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে ইরানের তেলবাহী ট্যাংকার জব্দের অভিযোগ তোলেন শাহরাম ইরানি। তিনি দাবি করেন, যুদ্ধ চলাকালে ইরান দুটি ট্যাংকার পুনরুদ্ধার করেছে।

তিনি বলেন, ‘মার্কিন নৌবাহিনী জলদস্যুদের মতো আচরণ করছে। তারা আমাদের দুটি তেলবাহী ট্যাংকার চুরি করেছিল। কিন্তু যুদ্ধের মধ্যেই আমরা সেগুলো পুনরুদ্ধার করেছি।’

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি

ইরানের নৌবাহিনীর প্রধান আরও দাবি করেন, দেশটির সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখা যৌথভাবে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে হামলা চালিয়েছে। এতে ঘাঁটির অবকাঠামো এবং কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ইরানি বলেন, হামলার মাত্রা এতটাই ব্যাপক ছিল যে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং তাদের কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা ভেঙে পড়েছে।

তার ভাষ্য অনুযায়ী, এ অভিযানে ইরানের সেনাবাহিনীর নৌবাহিনী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী, বিমানবাহিনী, অ্যারোস্পেস ফোর্স ও স্থলবাহিনী অংশ নেয়।

আলজাজিরার বরাতে জানা গেছে, সাক্ষাৎকারে ইরানি আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সশস্ত্র বাহিনীকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়ার ক্ষেত্রে এখন থেকে ভৌগোলিক সীমাবদ্ধতা আর প্রযোজ্য হবে না।

ইরানি বলেন, যুক্তরাষ্ট্রকে এই নির্দেশনার তাৎপর্য বুঝতে হবে। নির্ধারিত অভিযান পরিচালনার ক্ষেত্রে ইরানের পূর্ণ স্বাধীনতা রয়েছে।

অবরোধ অমান্য করায় জাহাজের চলাচল অকার্যকর করার দাবি যুক্তরাষ্ট্রের

এদিকে হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ ও সামুদ্রিক চলাচল নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। শুক্রবার (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, অবরোধ অমান্য করার চেষ্টা করায় ওমান উপসাগরে পালাউয়ের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজের চলাচল অকার্যকর করে দিয়েছে মার্কিন বাহিনী।

সেন্টকমের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্ট অনুযায়ী, বৃহস্পতিবার ইরানের বন্দর আব্বাস থেকে এম/ভি প্যাসিফিক আর্চার নামের বাল্ক ক্যারিয়ারটি যাত্রা শুরু করে। একাধিকবার সতর্ক করার পরও জাহাজটির নাবিকেরা অবরোধ অতিক্রমের চেষ্টা করেন বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের।

এরপর মার্কিন সামরিক বিমান থেকে নিক্ষেপ করা নিখুঁত নিশানার অস্ত্র জাহাজটির পেছনের অংশে আঘাত হানে। এতে জাহাজটির ইঞ্জিন ও চলাচলব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। সেন্টকম জানায়, জাহাজটির বেসামরিক নাবিকদের কেউ আহত হননি।

মার্কিন সামরিক কমান্ড আরও দাবি করেছে, অবরোধ মেনে নেওয়া ১৫৮টি বাণিজ্যিক জাহাজকে অন্য পথে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অবরোধ অমান্য করায় ছয়টি জাহাজের চলাচল অকার্যকর করা হয়েছে।

হরমুজে ট্যাংকার মাইনে আঘাতের দাবি ইরানের

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি, আইআরজিসির নৌবাহিনীর জনসংযোগ বিভাগের বরাতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে ঘানাম দ্বীপের উত্তরে একটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত হেনে বিস্ফোরিত হয়েছে।

আইআরজিসির নৌবাহিনীর দাবি, দুটি ট্যাংকার দ্বীপটির উত্তরে অনুমোদনহীন একটি পথে গোপনে চলাচলের চেষ্টা করেছিল। এ সময় একটি ট্যাংকার মাইনে আঘাত হানে এবং অন্যটিকে ফিরে যেতে বাধ্য করা হয়।

সংস্থাটি আরও দাবি করেছে, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথ ব্যবহার করে তেলবাহী ট্যাংকার চলাচলের চেষ্টা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এ ছাড়া আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে ইরান চলতি সপ্তাহের শুরুতে একটি ভূগর্ভস্থ সামরিক স্থাপনায় উন্নত ক্ষেপণাস্ত্রব্যবস্থা প্রদর্শন করেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!