ঢাকা, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
চুরি হচ্ছে পোষা কুকুর-বিড়াল, বিক্রি হচ্ছে মাংসের বাজারে
ভিয়েতনামে পোষা কুকুর ও বিড়াল চুরির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চুরি করা এসব প্রাণী বিক্রি করা হচ্ছে মাংসের বাজার ও কসাইখানায়। চলতি বছর দেশটির বিভিন্ন স্থানে পোষা প্রাণী চুরির অভিযোগে কয়েক ডজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে হাজার হাজার কুকুর ও বিড়াল চুরির অভিযোগ রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হ্যানয়ের উপকণ্ঠের একটি সড়কসংলগ্ন বাজারে নিজের হারিয়ে যাওয়া বিড়াল খুঁজতে যান ৪০ বছর বয়সী কিউ মিন ফুয়ং। তার নয় বছর বয়সী পোষা বিড়াল ডম এক মাস আগে নিখোঁজ হয়। বাজারটিতে খাঁচার মধ্যে বিড়াল, কুকুর, খরগোশ ও লড়াইয়ের মোরগ বিক্রির জন্য রাখা হয়েছে। এসব প্রাণীর কিছু পোষা হিসেবে বিক্রি হয়, বাকিগুলো যায় মাংসের বাজারে।
ফুয়ংয়ের ধারণা, তার বিড়ালটি চুরি হয়েছে। কারণ, এর আগে কখনো বিড়ালটি হারিয়ে যায়নি। একই রাতে তার কয়েকজন প্রতিবেশীর পোষা প্রাণীও নিখোঁজ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে হারিয়ে যাওয়া পোষা প্রাণী বাজারে খুঁজে পাওয়ার ঘটনা দেখে তিনি নিজেও সেখানে যান।
সংগঠিত চক্রের তৎপরতা
ভিয়েতনামের পুলিশ জানিয়েছে, পোষা প্রাণী চুরির সঙ্গে জড়িত চক্রগুলো সাধারণত গভীর রাতে মোটরসাইকেলে ঘোরাফেরা করে। তাদের সঙ্গে থাকে বস্তা, ডাক্ট টেপ ও প্রাণীকে অচেতন বা বশে আনার জন্য তৈরি করা বৈদ্যুতিক যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম।
গত মাসে হো চি মিন সিটির পুলিশ ২ হাজার ৭০০ বিড়াল চুরির অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করে। এসব বিড়াল মাংসের বাজারে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এর আগে এপ্রিলে হ্যানয় পুলিশ ৩০০টির বেশি বিড়াল চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে।
দেশটিতে কুকুর ও বিড়ালের মাংস বিক্রি, কেনাবেচা এবং খাওয়া আইনত বৈধ। তবে এসব প্রাণী চুরি করা অপরাধ হিসেবে গণ্য হয়।
প্রজন্মের মধ্যে খাদ্যাভ্যাসের পরিবর্তন
প্রায় ১০ কোটি মানুষের দেশ ভিয়েতনামে কুকুর ও বিড়ালের মাংস খাওয়ার দীর্ঘদিনের প্রচলন রয়েছে। কেউ কেউ মনে করেন, এসব মাংস খেলে শারীরিক শক্তি বাড়ে কিংবা দুর্ভাগ্য দূর হয়। তবে নতুন প্রজন্মের মধ্যে এ ধরনের খাবারের প্রতি আগ্রহ কমছে। বরং তারা কুকুর-বিড়ালকে পরিবারের সদস্য ও সঙ্গী হিসেবে দেখছেন।
প্রাণী কল্যাণবিষয়ক আন্তর্জাতিক সংগঠন ফোর পজ ইন্টারন্যাশনালের ২০২০ সালের এক প্রতিবেদনের হিসাব অনুযায়ী, ভিয়েতনামে প্রতিবছর ৫০ লাখের বেশি কুকুর ও ১০ লাখ বিড়াল জবাই করা হতো। তবে সাম্প্রতিক বছরগুলোতে এ ব্যবসা ধারাবাহিকভাবে কমছে।
হ্যানয়ের সাবেক এক কুকুরের মাংসের রেস্তোরাঁ মালিক জানান, বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ২০১৯ সালে তিনি ব্যবসা বন্ধ করে দেন। তার ভাষায়, এখনকার তরুণেরা কুকুর ঘরের ভেতরে রাখেন এবং পরিবারের সদস্যের মতো যত্ন নেন।
২০১৮ সালে হ্যানয় নগর কর্তৃপক্ষ বাসিন্দাদের কুকুর ও বিড়ালের মাংস খাওয়া বন্ধ করার আহ্বান জানায়। নগরীর ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়া এবং জলাতঙ্ক ছড়িয়ে পড়ার ঝুঁকির কথা উল্লেখ করে এ উদ্যোগ নেওয়া হয়। গত বছর কুকুর ও বিড়ালের মাংস ব্যবসায়ীদের বিকল্প পেশায় যুক্ত করতে প্রশিক্ষণ কর্মসূচিও চালু করে সরকার। এক বছরের মধ্যে ২৮টি ব্যবসাপ্রতিষ্ঠান পেশা পরিবর্তন করেছে বলে জানিয়েছে ভিয়েতনাম ইনভেস্টমেন্ট রিভিউ।
চুরির পরিণতি খুঁজে বেড়াচ্ছেন মালিকেরা
আইন অনুযায়ী, বাজারে বিক্রি করা প্রাণীর উৎসের প্রমাণ দেখানো বাধ্যতামূলক। তবে হ্যানয়ের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ নিয়ম যথাযথভাবে কার্যকর হচ্ছে না। রয়টার্সের সঙ্গে কথা বলা পাঁচটি দোকানের মধ্যে তিনটির বিক্রেতা জানিয়েছেন, তাদের কাছে থাকা প্রাণীগুলো কোথা থেকে এসেছে, তা তারা জানেন না।
এদিকে হ্যানয়ের সবচেয়ে বড় পরিত্যক্ত ও চুরি হওয়া পোষা প্রাণীর আশ্রয়কেন্দ্র এসএনএনসি ডগ অ্যান্ড ক্যাট রেসকিউ সেন্টারও সংকটের মুখে রয়েছে। কসাইখানায় নেওয়া হচ্ছে এমন প্রাণীর খবর পেলে আশ্রয়কেন্দ্রটির কর্মীরা অনেক সময় মাংসের বাজারের সম্ভাব্য দামের চেয়ে বেশি অর্থ দিয়ে সেগুলো কিনে নেন। তবে অর্থের অভাবে বর্তমানে আশ্রয়কেন্দ্রে থাকা প্রায় ১ হাজার ৪০০ প্রাণীর বাইরে নতুন করে উদ্ধার কার্যক্রম সীমিত করতে হয়েছে।
অন্যদিকে, নিখোঁজ হওয়ার এক মাস পরও নিজের বিড়াল ডমকে খুঁজে পাননি ফুয়ং। এখনো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রাণীর ছবি দিয়ে মুক্তিপণ বা ফেরত দেওয়ার বিনিময়ে অর্থ চাওয়ার পোস্টগুলো পর্যবেক্ষণ করছেন তিনি। ফুয়ংয়ের ভাষায়, ডম ছিল তার মানসিক প্রশান্তির সঙ্গী। বিড়ালটি ছাড়া তার বাড়িটি এখন শূন্য মনে হয়।
সূত্র: রয়টার্স