ঢাকা,  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সৌদির তেল শোধনাগারে হামলা, নিহত বিদেশি নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৩, ২৭ নভেম্বর ২০২৬
সৌদির তেল শোধনাগারে হামলা, নিহত বিদেশি নাগরিক
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর জাজান তেল শোধনাগারে আকাশপথে হামলায় এক নেপালি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় বিভিন্ন দেশের আরও কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলার পর শোধনাগারটিতে আগুন ধরে যায় এবং সাময়িকভাবে কয়েকটি কার্যক্রম বন্ধ রাখতে হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান শহরে এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার (২৭ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, একটি আকাশপথে নিক্ষিপ্ত বস্তু শোধনাগারটিতে আঘাত হানে। এতে আগুনের সূত্রপাত হয়। পরে জরুরি উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পরপরই জরুরি সেবা ও বিশেষায়িত কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে। তারা শোধনাগারের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং স্থাপনাগুলোর নিরাপত্তা যাচাইয়ের কাজ করছে। পরিস্থিতি পর্যালোচনার জন্য সাময়িকভাবে শোধনাগারের কয়েকটি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

তবে হামলার জন্য সরাসরি কাউকে দায়ী করেনি সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়। এর আগে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছিল, হুতিরা জাজান তেল শোধনাগারে হামলা চালিয়েছে।

জোটের মুখপাত্র জানিয়েছেন, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস করেছে তাদের বাহিনী। ইয়েমেনের হোদেইদা বন্দর এলাকায় ওই প্ল্যাটফর্মটি ছিল বলে দাবি করেছে জোট।

ইয়েমেনের রাজধানী সানাসহ জনবহুল বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণকারী হুতি বিদ্রোহীরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। বুধবারও সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার এবং লোহিত সাগরের জেদ্দা ও জাজান বন্দরে হামলার দাবি করেছিল গোষ্ঠীটি।

জাজান শোধনাগারটি ইয়েমেন সীমান্তের কাছাকাছি অবস্থিত। প্রতিদিন এখানে সর্বোচ্চ ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে। সাম্প্রতিক হামলাগুলো সৌদি আরবের জ্বালানি খাত ও আঞ্চলিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: রয়টার্স।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!