ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
প্রয়োজনে পারমাণবিক হামলা চালাতে পারে রাশিয়া: মেদভেদেভ
নির্দিষ্ট পরিস্থিতিতে রাশিয়া ‘প্রতিরোধমূলক পারমাণবিক হামলা’ চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তার দাবি, ইউক্রেন ও ন্যাটোর মিত্ররা এমন কিছু সীমা অতিক্রম করেছে, যার ফলে মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে পারে।
সোমবার মস্কো জার্নাল অব ইন্টারন্যাশনাল ল-এ প্রকাশিত এক নিবন্ধে এ মন্তব্য করেন মেদভেদেভ। তিনি রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসে প্রকাশিত নিবন্ধের অংশে মেদভেদেভ বলেন, বিপর্যয় সৃষ্টির সক্ষমতাসম্পন্ন অ-পারমাণবিক অস্ত্রের ব্যাপক ব্যবহার রাশিয়াকে প্রতিরোধমূলক পারমাণবিক হামলার সুযোগ তৈরি করে দিতে পারে।
‘রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও পারমাণবিক অস্ত্র: জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার আন্তর্জাতিক আইনি দিক’ শিরোনামের নিবন্ধে তিনি আরও সতর্ক করেন, পশ্চিমা দেশগুলো গোপনে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করলে তা রাশিয়ার জন্য উদ্বেগের কারণ হবে।
মেদভেদেভের ভাষ্য, কিয়েভ ও তার মিত্রদের মনে রাখা উচিত, রাশিয়ার শুধু পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকারই নেই, নির্দিষ্ট পরিস্থিতিতে তা ব্যবহারের বাধ্যবাধকতাও রয়েছে।
তার দাবি, ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা এমন পরিস্থিতি তৈরি করেছে, যাতে রাশিয়াকে পারমাণবিক হামলার বিষয়টি বিবেচনা করতে হচ্ছে। তবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভাব্য পরিণতি সতর্কতার সঙ্গে বিবেচনা করবেন বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, রাশিয়া পারমাণবিক অস্ত্রবাহী একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে—এমন খবরের মধ্যেই মেদভেদেভের এ বক্তব্য সামনে এলো। জার্মান সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হতে পারে। এ-সংক্রান্ত গোয়েন্দা তথ্য ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে ভাগাভাগি করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জার্মানির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআরের প্রতিবেদনে স্যাটেলাইটটির নাম ‘স্পুতনিক-এস’ বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম হতে পারে এবং এর মাধ্যমে মহাকাশে থাকা অন্য স্যাটেলাইট অকার্যকর বা ধ্বংস করার সক্ষমতা তৈরি হতে পারে।
জার্মান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, এ-সংক্রান্ত প্রতিবেদনগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অন্যদিকে, ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, মহাকাশে যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় জোটটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেবে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে বার্লিনে রাশিয়ার দূতাবাস এসব প্রতিবেদনকে ‘ভিত্তিহীন অভিযোগ’ বলে অভিহিত করেছে। একই সঙ্গে এগুলোকে ‘প্রচারাভিযানের’ অংশ বলেও দাবি করেছে দূতাবাসটি।