ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সন্তান মা-বাবার সম্পত্তি নয়: ভারতের সুপ্রিম কোর্ট

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৪২, ২৬ নভেম্বর ২০২৬
সন্তান মা-বাবার সম্পত্তি নয়: ভারতের সুপ্রিম কোর্ট
সংগৃহীত ছবি

সন্তান মা-বাবার সম্পত্তি বা খেলনা নয়। তাদের সঙ্গে মা-বাবার ইচ্ছামতো আচরণ করা যায় না। সন্তানের কল্যাণ ও মতামত মা-বাবার আইনি অধিকারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ—এমন পর্যবেক্ষণ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

বিবাহবিচ্ছেদ হওয়া এক দম্পতির দুই অপ্রাপ্তবয়স্ক ছেলের অভিভাবকত্ব নিয়ে করা আবেদনের শুনানিতে আদালত এ মন্তব্য করেন। দুই সন্তানের কাস্টডি বাবার কাছে দেওয়ার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল করে দেন বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি অপরেশ কুমার সিংয়ের বেঞ্চ।

সোমবার দেওয়া পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট বলেন, বাবা সন্তানের স্বাভাবিক অভিভাবক হতে পারেন। তবে এর অর্থ এই নয় যে সব পরিস্থিতিতে সন্তানকে বাবার জিম্মায় দিতে হবে। এ ক্ষেত্রে সন্তানের মতামত ও সামগ্রিক কল্যাণই সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত।

মামলার বিবরণ অনুযায়ী, তামিলনাড়ুর মাদুরাইয়ের ওই দম্পতি ২০১৪ সালে আলাদা হয়ে যান। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ কার্যকর হয়। তাদের দুই ছেলের বয়স বর্তমানে ১৬ ও ১৪ বছর। ২০১৪ সাল থেকেই তারা মা ও নানা-নানির সঙ্গে বসবাস করছে।

২০২৪ সালে মাদ্রাজ হাইকোর্ট পারিবারিক আদালতের একটি আদেশ বহাল রেখে দুই ছেলের কাস্টডি বাবার কাছে দেওয়ার পক্ষে রায় দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন তাদের মা। এর আগে সুপ্রিম কোর্ট মাদ্রাজ হাইকোর্টের রায় স্থগিত করেছিলেন। সোমবার সেটি বাতিল করে দেন। ফলে দুই সন্তান মায়ের কাছেই থাকবে।

শুনানির আগে সুপ্রিম কোর্ট মা-বাবার অনুপস্থিতিতে দুই সন্তানের সঙ্গে কথা বলেন। এ সময় তারা বাবার পরিবর্তে মায়ের সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করে। সন্তানরা জানায়, শৈশবের প্রথম দুই বছরের মতো সময় বাবার সঙ্গে কাটানোর পর তার সঙ্গে মাত্র চার-পাঁচবার দেখা হয়েছে।

আদালত বলেন, দুই সন্তানই নিজেদের পছন্দ স্পষ্টভাবে প্রকাশ করার মতো যথেষ্ট পরিপক্ব। তাদের মা পেশায় বিক্রয়কর্মী। এত দিন তিনি একাই সন্তানদের লালন-পালন ও পড়াশোনার দায়িত্ব পালন করেছেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, অভিভাবকত্বের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় মানবিক দিকগুলোও বিবেচনায় নিতে হবে। সন্তানরা কোনো অস্থাবর সম্পত্তি বা মা-বাবার খেলনা নয়। ‘অভিভাবক ও প্রতিপাল্য আইন, ১৮৯০’ অনুযায়ী, অভিভাবক নিয়োগের ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদের কল্যাণই সর্বোচ্চ বিবেচ্য বিষয়।

বেঞ্চ আরও বলেন, আইনের অধীনে বাবা ও মা উভয়েই সন্তানের স্বাভাবিক অভিভাবক। কোনো সন্তান যুক্তিসঙ্গতভাবে নিজের পছন্দ প্রকাশ করার মতো বয়স ও পরিপক্বতা অর্জন করলে আদালত তার মতামত বিবেচনায় নিতে পারেন।

আদালত উল্লেখ করেন, দীর্ঘদিন মায়ের সঙ্গে বসবাসের কারণে সন্তানদের সঙ্গে তার গভীর আবেগঘন সম্পর্ক তৈরি হয়েছে। এ অবস্থায় তাদের পরিচিত পরিবেশ থেকে সরিয়ে নেওয়া তাদের সর্বোত্তম স্বার্থের অনুকূল হবে না। এতে তাদের মানসিক ও শারীরিক সুস্থতা এবং পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তবে সন্তানদের বাবার স্নেহ ও ভালোবাসা থেকেও বঞ্চিত করা উচিত নয় বলে মত দেন সুপ্রিম কোর্ট। আদালত নির্দেশ দেন, প্রতি মাসের দ্বিতীয় শনিবার ও রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাদুরাইয়ের গান্ধী জাদুঘরে বাবা সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন। এ ক্ষেত্রে মাকে সহযোগিতা করতে বলা হয়েছে।

এ ছাড়া পঙ্গল উৎসব ও স্কুলের অর্ধবার্ষিক ছুটির সময়ও বাবা সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন। তবে এ জন্য ফোন কল বা হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে মাকে আগেই জানাতে হবে।

সন্তানদের ভবিষ্যৎ পড়াশোনার প্রয়োজনীয় খরচও বাবাকে বহন করতে হতে পারে বলে আদালত উল্লেখ করেন। বেঞ্চের মতে, এসব ব্যবস্থার উদ্দেশ্য হলো সন্তানদের সঙ্গে বাবার আবেগঘন সম্পর্ক বজায় রাখা, যাতে তারা ভারসাম্যপূর্ণ মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!