ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর
প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে পরিণত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হালাল মাংস, দুগ্ধজাত পণ্য, পোলট্রি ও চামড়াজাত পণ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে।
ইতোমধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম (হ্যাচিং এগ) রপ্তানি করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম চালিকাশক্তি প্রাণিসম্পদ খাত। দুধ, মাংস ও ডিমের চাহিদা পূরণের পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি এবং গ্রামীণ মানুষের আয় বাড়াতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য সরবরাহ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়ানো সম্ভব।
প্রধানমন্ত্রী আরও বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে প্রাণিসম্পদ খাতে দেশ আরও স্বনির্ভর হবে। পাশাপাশি স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে।
দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্য রপ্তানিকে সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন তিনি। এ ছাড়া আন্তর্জাতিক নিয়ম মেনে আরও অনেক অপ্রচলিত পণ্য রপ্তানির সুযোগ রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দিচ্ছে। এ খাত এখন আর শুধু গ্রামীণ জনজীবনে গবাদিপশু পালনের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং দ্রুত বাণিজ্যিক, পুষ্টিনিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্ছে।
কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতিকে সচল রাখা এবং মানুষের প্রোটিনের চাহিদা পূরণেও প্রাণিসম্পদ খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ পালিত হবে। এবারের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে এ আয়োজনের সঙ্গে যুক্ত খামারি, উদ্যোক্তা, গবেষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি সপ্তাহটির সার্বিক সাফল্য কামনা করেন।
সূত্র: বাসস