ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
শ্রমিকদের মজুরি নিয়ে আজ ফের বসছে মজুরি বোর্ড
তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ডের পঞ্চম সভা আজ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় এ সভা বসবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে এ মজুরি ১২ হাজার ৫০০ টাকা।
বোর্ডের আলোচনায় তিনটি গ্রেডের মজুরি নির্ধারণে সদস্যরা সর্বসম্মত হন। এর মধ্যে গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়। তবে সর্বনিম্ন গ্রেড-৪-এর মজুরি নির্ধারণ করা হয় সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে, যা ১৭ হাজার টাকা।
সভায় আরও সিদ্ধান্ত হয়, নির্ধারিত গ্রেড অনুযায়ী কোনো শ্রমিকের বর্তমান মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে তার সঙ্গে ন্যূনতম দুই হাজার টাকা যোগ করা হবে।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দেওয়ার প্রস্তাব দেয়। অন্যদিকে শ্রমিকপক্ষ আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করে।
তবে মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে উল্লেখ করেন শ্রমিক প্রতিনিধিরা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় সেদিন কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। পরে উভয়পক্ষ নিজেদের প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী সভায় আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়।
গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। এরপর ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষকে প্রস্তাবিত মজুরি কাঠামো তৈরি করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।