ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

মোদিকে চিঠি: ভারতে পাকিস্তানি সিরিজ বন্ধের দাবি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৩৮, ২৭ নভেম্বর ২০২৬
মোদিকে চিঠি: ভারতে পাকিস্তানি সিরিজ বন্ধের দাবি
ছবি: সংগৃহীত

আকাশছোঁয়া জনপ্রিয়তা এখন বিশ্বব্যাপী পাকিস্তানি নাটক ও ওয়েব সিরিজের। চিরবৈরী প্রতিবেশী ভারতের দর্শকরাও বুঁদ থাকেন পাকিস্তানি বিভিন্ন সিরিয়াল নিয়ে। তবে সেই জনপ্রিয়তার মধ্যেই ফাওয়াদ খান ও মাহিরা খানের নতুন ওয়েব সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেত লো’ ভারতে নিষিদ্ধ করার দাবি উঠল। এই মর্মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।
চিঠিতে সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত জানান, ২০২৫ সালে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার বন্ধের নির্দেশিকা দিয়েছিল। পহেলগাঁও হামলার পরিপ্রেক্ষিতে ওটিটি ও ডিজিটাল মাধ্যমে পাকিস্তানি সিরিজ, সিনেমা, গান ও পডকাস্ট নিষিদ্ধ করা হয়। তাই নতুন সিরিজটি ভারতে মুক্তি পেলে সরকারি নির্দেশিকার মূল উদ্দেশ্য ব্যাহত হবে বলে দাবি তাদের।
শুধু এ সিরিজটি বন্ধের দাবিতেই থেমে থাকেনি সংগঠনটি। ভারতীয় টেলিভিশন, ওটিটি ও সিনেমায় পাকিস্তানি শিল্পী এবং প্রযোজনার কাজ স্থায়ীভাবে নিষিদ্ধ করতে কঠোর আইন প্রণয়নেরও আবেদন জানিয়েছে তারা। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যেন কোনো ধরনের পাকিস্তানি কনটেন্ট প্রদর্শন না করা হয়, সে বিষয়েও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।
ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজে তিন প্রজন্মের প্রেম ও সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হয়েছে। ফাওয়াদ ও মাহিরা ছাড়াও এতে হানিয়া আমির, সানাম সইদ, আহাদ রাজা মীর ও ইকরা আজিজের মতো তারকারা অভিনয় করেছেন।
আগামী ৪ ডিসেম্বর ২০২৬ আন্তর্জাতিকভাবে সিরিজটি মুক্তির কথা থাকলেও ভারতে এর সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!