ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

অক্ষয়-করণের সমর্থন দীপিকার সিদ্ধান্তকে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৩২, ২৭ নভেম্বর ২০২৬
অক্ষয়-করণের সমর্থন দীপিকার সিদ্ধান্তকে
ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই চলছিল আলোচনা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টা কাজের দাবি নিয়ে। এবার প্রকাশ্যে সমর্থন জানালেন বলিউড তারকা অক্ষয় কুমার ও করণ জোহর। মা হওয়ার পর থেকে দীপিকার অক্লান্ত পরিশ্রম ও পেশাদারিত্বের পাশাপাশি নির্দিষ্ট শিফটে কাজের দাবি বলিউডে নতুন আলোচনা তুলেছে। করণ ও অক্ষয়ের মতে, শুটিংয়ে নির্দিষ্ট কর্মঘণ্টা চাওয়ার অধিকার প্রত্যেক শিল্পীরই রয়েছে এবং এক্ষেত্রে লিঙ্গবৈষম্য থাকা উচিত নয়।
সম্প্রতি ‘কফি উইথ করণ ৯’-এর এক পর্বে কাজের সময়সীমা ও পেশাদারিত্ব নিয়ে কথা উঠলে অক্ষয় কুমারের সময়ানুবর্তিতার প্রশংসা করেন করণ। তার মতে, অক্ষয়ের মতো পরিশ্রমী অভিনেতা খুব কমই দেখা যায়।
এরপরই দীপিকার আট ঘণ্টা কাজের প্রসঙ্গ তোলেন করণ জোহর। প্রযোজক হিসেবে দীপিকার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি বলেন, দীপিকা একজন পরিশ্রমী পেশাদার, পাশাপাশি মা ও স্ত্রী হিসেবে তার ব্যক্তিগত জীবনও গুরুত্বপূর্ণ। পুরুষ সুপারস্টাররা কাজের সময় নির্ধারণ করতে পারলে নারী অভিনেত্রীদের ক্ষেত্রে কেন ভিন্ন নিয়ম হবে, তা নিয়েও প্রশ্ন তোলেন করণ।
অক্ষয় কুমারও একমত হয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে শুটিং শেষ করার পক্ষে মত দেন। পরিকল্পিতভাবে এবং সময় মেনে কাজ করলে পুরো ছবির নির্মাণ প্রক্রিয়ায় শৃঙ্খলা বজায় রাখা সহজ হয় বলে জানান তিনি।
মা হওয়ার পর থেকেই দিনে আট ঘণ্টা কাজের শর্ত রেখে আলোচনায় ছিলেন দীপিকা পাড়ুকোন। এই শর্তের কারণে তাকে একাধিক কাজ ও বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব ছাড়তে হলেও তিনি নিজের অবস্থানে অনড় ছিলেন। ২০২৫ সালে ‘স্পিরিট’ থেকে সরে দাঁড়ানো ও পরে ‘কল্কি ২৮৯৮ এডি’-র পরবর্তী কিস্তিতে না থাকার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক আরও তীব্র হয়।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!