ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজনীতি ]

নির্বাচনের পরদিন থেকেই সরকার ওয়াদা ভঙ্গ করেছে: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৭, ২৮ নভেম্বর ২০২৬
নির্বাচনের পরদিন থেকেই সরকার ওয়াদা ভঙ্গ করেছে: শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের পরদিন থেকেই সরকার ওয়াদা ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় দেশ নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, বাংলাদেশের জনগণ রাষ্ট্রকাঠামোয় ব্যাপক পরিবর্তন চেয়েছিল। কিন্তু নির্বাচনের পরদিন থেকেই জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার।

বিশেষ সংবিধান সংশোধন কমিটিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে তিনি বলেন, সংবিধান নিয়ে সংসদ ও আদালতের মধ্যে লুকোচুরি চায় না জামায়াত।

জামায়াত আমির আরও বলেন, দেশে বেপরোয়া চাঁদাবাজি, কমিশন বাণিজ্য ও হত্যাকাণ্ড ঘটছে। মেয়েশিশুদের ওপর নির্যাতনও বেড়েছে। এসব ঘটনার জন্য সরকারদলীয় নেতাকর্মীরা দায়ী বলে মন্তব্য করেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে বৃহত্তর ঐক্য গড়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে সংলাপে বসার কথা জানান শফিকুর রহমান। তিনি বলেন, সেখানে দলীয় দাবি নয়, জনগণের দাবি নিয়ে আলোচনা করবে জামায়াত।

সম্প্রতি গোপালগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে জামায়াত আমির প্রশ্ন তোলেন, সেখানে সরকারদলীয় তিনজন সংসদ সদস্য থাকলেও তারা এলাকার মজলুম মানুষের খোঁজ নিয়েছেন কি না।

এ ছাড়া ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি দেওয়া হলেও এ বিষয়ে সরকারের কোনো অবস্থান জামায়াত দেখছে না বলে মন্তব্য করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!