ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

আমন ধান কাটা শুরু: ফলনে খুশি কৃষক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৩, ২৮ নভেম্বর ২০২৬
আমন ধান কাটা শুরু: ফলনে খুশি কৃষক
আখাউড়ায় কৃষকরা প্রাণভরে ধান কেটে মাড়াই কাজ করছেন। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চলতি মৌসুমে  আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষকরা প্রাণভরে ধান কেটে মাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন। এ মৌসুমে আমন ধানের আশানুরূপ ফলন ভালো হওয়ায় কৃষক-কৃষাণির চোখে-মুখে দেখা দিয়েছে আনন্দের ঝিলিক।
স্থানীয় কৃষকরা জানায়  রোদ বৃষ্টি মাথায় নিয়ে জমিতে ধান আবাদ করেন। প্রথম থেকেই  কৃষি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে  পরামর্শ প্রদান করায় কোন কিছুতেই তাদের বেগ পেতে হয়নি। এবার ধানের ফলন ও বিক্রিতে দর ভালো থাকলে তারা লাভবান হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় চলতি মৌসুমে আমন  আবাদে প্রায় ৪  হাজার ৪শ ১০ হেক্টর জমিতে লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়। রোপনকৃত জমির মধ্যে ব্রি-৫২-৭৫,৮৫,৮৭,৯৩,৯৫, ৯৬,৯৭, ১০৩ বিআর ২৩সহ নানা জাতের উন্নতফলনশীল ধান রয়েছে। ধান আবাদে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে কৃষককে ধান বীজ  ও সার প্রণোদনা দেওয়া হয়।

কৃষি বিভাগ জানায়, আগাম জাতের আমন ধান কেটে ওই জমিতে বাড়তি ফসল হিসাবে আলু, বেগুনসহ শীতকালীন সবজি ও সরিষা চাষ করতে পারবে। বাড়তি ফসল করলে এতে লাভবান হবে কৃষকরা।

কৃষক মো. আবেদ আলী বলেন, নানা প্রতিকুলতা অপেক্ষা করে ৪ বিঘা জমিতে আমন ধান আবাদ করি। কৃষি অফিস থেকে সার ও ধান বীজ সহায়তা হিসাবে পেয়েছি। ইতিমধ্যে এক বিঘা জমির ধান পেকে যাওয়ায় কাটা হয়েছে। বিঘায় ফলন পেয়েছি ১৮ মণ ধান। আগামী  সপ্তাহে  বাকি জমির ধান কাটা হবে। ফলন ভালো হওয়ায় খুবই খুশি।

কৃষক মো: মনির হোসেন বলেন, কৃষি অফিসের সহায়তায় এ মৌসূমে ৫বিঘা জমিতে আমন ধান চাষ করি। জমি আবাদের পর থেকে ফলন ভালো রাখতে পরিচর্যা করা হয়। জমিতে অন্যান্য বছরের চাইতে ফলন ভালো হয়েছে। ইতিমধ্যে জমির ধান পেকে গেছে। এরমধ্যে ২ বিঘা জমির ধান কাটা হয়েছে। বিঘায় ফলন পেয়েছি ১৮ মণ। তবে বিক্রিতে দর ভালো পেলে লাভবান হবো।

কৃষক মোবারক মিয়া বলেন, আমার ৪ বিঘা জমির ধান পেকে গেছে। কিন্তু শ্রমিকের সংকট থাকায় ধান কেটে ঘরে তুলতে পারছি না। হারভেস্টার মেশিনের লোকজনের সাথে কথা হয়েছে আশা করছি আগামীকালের মধ্যে ধান কাটা হবে। তিনি বলেন, এ মৌসুমে সরকারি সহায়তা হিসাবে সব কিছু পেয়েছি। কৃষি অফিসের লোকজন সব সময় পরামর্শ দেওয়ায় ফলন ভালো হয়েছে।

মুর্শিদ মিয়া বলেন, গত প্রায় ১০ বছর ধরে ধান চাষ করছি। ধান আবাদে খরচের পরিমাণ দিন দিন বাড়ছে। সেই অনুযায়ী ধানের দর বাড়ছে না। ইতিমধ্যে আবাদ করা ৫ বিঘা জমির মধ্যে ৩ বিঘা জমির ধান কাটা হয়েছে। বাকি দুই বিঘা আগামী ৩-৪ দিনের মধ্যে কাটা হবে। ধানের ফলন বেশ ভালো হয়েছে। বিক্রিতে দর ভালো পেলে লাভবান হবো।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো:  মাসুদ রানা বলেন, এ উপজেলায় আমন ধান আবাদ করতে  সরকারিভাবে প্রণোদনা কর্মসূচির আওতায়  কৃষষদেরকে পাঁচ কেজি করে ধানের বীজ, ১০ কেজি  ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। ফলন বৃদ্ধিতে মাঠপর্যায়ে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হয়। ইতিমধ্যে ধান কাটা শুরু হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ভালো ফলন হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!