ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সবুজের আঙিনায় অপরাজিতার নীল চা, মুগ্ধতার অন্য গল্প
সবুজ পাহাড় আর পাতার ফাঁকে ফুটে থাকা নীলচে-বেগুনি অপরাজিতা ফুল যেন প্রকৃতির এক অপূর্ব আয়োজন। লতা জুড়ে ছড়িয়ে থাকা ফুলগুলো মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি জানান দিচ্ছে প্রকৃতির বৈচিত্র্যের গল্প। সেই ফুলের চা যে এত সুন্দর ও স্বাদের হতে পারে, তা জানা ছিল না অনেকেরই।
পাহাড়, সবুজ বন আর গ্রামীণ জনপদে ঘেরা খাগড়াছড়ির মাটিরাঙ্গা প্রতিনিয়ত নতুন করে মুগ্ধ করে। কখনো পাহাড়ের ঢালে সবুজের সমারোহ, কখনো নির্জন পথের দুই পাশে গাছের ছায়া। এমনই প্রকৃতির টানে সম্প্রতি এক দিন বেরিয়ে পড়লাম মাটিরাঙ্গার দক্ষিণ মুসলিম পাড়ার পথে। গন্তব্য বন্ধু ফোরকান উদ্দিনের আমবাগান। তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা কয়েকজন অটোরিকশায় মুসলিম পাড়া পর্যন্ত গিয়ে সেখান থেকে হেঁটে রওনা হলাম।
চিরচেনা পথ, অথচ প্রতিটি দৃশ্য যেন নতুন করে চোখে ধরা দিচ্ছিল। আধা গ্রাম, আধা শহরের মিশেলে গড়ে ওঠা জনপদ। পথের দুই পাশে সারি সারি বাড়িঘর, সবুজ গাছপালা আর মানুষের নিত্যদিনের ব্যস্ততা। গল্প করতে করতে কখন যে দক্ষিণ মুসলিম পাড়ায় পৌঁছে গেলাম, টেরই পেলাম না।
পথে চোখে পড়ল দক্ষিণ মুসলিম পাড়া জামে মসজিদ। দৃষ্টিনন্দন এই মসজিদের পাশেই কয়েকটি চায়ের দোকান। একটি দোকানের সামনে বিক্রির জন্য রাখা ছিল কাঁকরোল। দোকানি জানালেন, এই সবজি উৎপাদনে সার ও কীটনাশক ব্যবহার করা হয়নি। কথাটি শুনে এক কেজি কাঁকরোল কিনে ফেরার পথে নেব বলে দোকানেই রেখে আবার হাঁটা শুরু করলাম।
বাগানে পৌঁছাতেই ফোরকান উদ্দিন আন্তরিকভাবে স্বাগত জানালেন। কিছুক্ষণ আলাপের পর আপ্যায়নে এল এক কাপ বিশেষ চা। রঙে ও স্বাদে একেবারেই আলাদা। চা-পাতা ছাড়াই তৈরি এই নীলাভ পানীয়র মূল উপকরণ অপরাজিতা ফুল, সঙ্গে ছিল জবা ফুল ও সুইট লেমন।
জীবনে প্রথমবার অপরাজিতার চা পান করলাম। নতুন স্বাদের এই পানীয় বেশ ভালো লাগল। প্রকৃতির মাঝে বসে ফুলের তৈরি চায়ে চুমুক দেওয়ার অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকল।
ফোরকান উদ্দিন বলেন, “বাগান শুরুর সময় থেকেই অপরাজিতা, সুইট লেমন, লেমনগ্রাস, বিভিন্ন প্রজাতির আম ও জবা ফুলের গাছ লাগিয়েছি। ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল কলেজ থেকে কুলিনারি আর্টসে ডিগ্রি নিয়েছি। তাই ব্যতিক্রমী রান্নাবান্না ও খাবার-পানীয় তৈরিতে আমার বিশেষ আগ্রহ। এসব নিয়ে কাজ করতে আমি খুব আনন্দ পাই। কোনো অতিথি এলে বাগানের লতাপাতা ও ফুল দিয়ে তৈরি হারবাল চা পান করাই। এতে অতিথিরা নতুন স্বাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।”
অপরাজিতা ফুল আমাদের কাছে বেশ পরিচিত হলেও এর আগমনের ইতিহাস অনেকেরই অজানা। ধারণা করা হয়, ভারতীয় উপমহাদেশে ফুলটির আগমন ঘটেছে মালাক্কা দ্বীপ বা টারনেট অঞ্চল থেকে। আর এই অঞ্চলটির নামের সঙ্গে মিল রেখেই এর বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে Clitoria ternatea। ইংরেজিতে ফুলটি ‘বাটারফ্লাই পি’ নামে পরিচিত। প্রজাপতির মতো আকৃতির মনোমুগ্ধকর পাপড়ির কারণেই এমন নামকরণ।
অপরাজিতা মূলত লতাজাতীয় উদ্ভিদ। সাধারণত নীল ও বেগুনি রঙের ফুল বেশি দেখা গেলেও রয়েছে দৃষ্টিনন্দন সাদা অপরাজিতাও। ফুলের নীল রঙের পেছনে রয়েছে অ্যান্থোসায়ানিন নামের প্রাকৃতিক রঞ্জক পদার্থ। গরম পানিতে অপরাজিতা ফুল ভিজিয়ে রাখলে ধীরে ধীরে পানি নীল হয়ে ওঠে। পরে সেই পানীয়তে কয়েক ফোঁটা লেবুর রস মেশালে অম্লত্বের পরিবর্তনের কারণে নীল রং বদলে বেগুনি কিংবা গোলাপি আভা ধারণ করে। পানীয়ের রঙের এই দৃষ্টিনন্দন পরিবর্তন শুধু চায়ের সৌন্দর্যই বাড়ায় না, বরং চা পানের অভিজ্ঞতাকেও করে তোলে আরও আকর্ষণীয়।
শুধু পানীয় নয়, প্রাকৃতিক খাদ্যরং হিসেবেও অপরাজিতা ব্যবহৃত হয়। বিভিন্ন খাবার ও পানীয়তে আকর্ষণীয় নীল রং আনতে ফুলটি কাজে লাগে।
অপরাজিতার চা কেবল রঙের জন্যই নয়, সম্ভাব্য স্বাস্থ্যগুণের কারণেও সমাদৃত। এটি অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ পানীয়। এতে থাকা অ্যান্থোসায়ানিন ও ফ্ল্যাভোনয়েড শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষা দিতে ভূমিকা রাখে, ফলে অকালবার্ধক্যের প্রক্রিয়া ধীর করতে সহায়তা করতে পারে।
বিভিন্ন গবেষণায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ ও ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে এর সম্ভাব্য সহায়ক ভূমিকার কথা উঠে এসেছে। ওজন নিয়ন্ত্রণ, মানসিক চাপ কমানো ও হজম স্বাভাবিক রাখতেও এটি কাজে আসতে পারে। এ ছাড়া স্মৃতিশক্তি, হৃদ্যন্ত্রের সুস্থতা, খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং ত্বক ও চুলের যত্নে এর উপকারিতা নিয়ে গবেষণা চলছে। তবে এসব গুণ নিয়ে আরও গবেষণা প্রয়োজন। কোনো শারীরিক জটিলতা থাকলে বা নিয়মিত ওষুধ সেবন করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
ফোরকান উদ্দিনের বাগান ছাড়াও মাটিরাঙ্গার জলপাহাড়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যানতত্ত্ববিদের কার্যালয়সহ উপজেলার বিভিন্ন স্থানে অপরাজিতার গাছ ও ফুল দেখা যায়। তবে সৌন্দর্যের পাশাপাশি এই ফুল দিয়ে যে চা তৈরি করা যায়, তা এখনো অনেকের কাছে অজানা।
মাটিরাঙ্গা উপজেলা উদ্যানতত্ত্ববিদ মো. আব্দুল্লাহ আল মাসুম বলেন, “আমাদের হর্টিকালচার সেন্টারেও অপরাজিতার গাছ রয়েছে। গাছগুলোতে প্রচুর ফুল ফুটেছে, যা পুরো বাগানের সৌন্দর্য বাড়িয়েছে। বিশেষ করে নীলচে-বেগুনি ফুলগুলো দর্শনার্থীদের সহজেই আকৃষ্ট করে। অনেক দর্শনার্থী ফুলের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে ভোলেন না।”
দক্ষিণ মুসলিম পাড়ার নিরিবিলি পথ, পাখির কলকাকলি, সবুজে ঘেরা আমবাগান আর অপরাজিতার নীল চা সব মিলিয়ে দিনটি হয়ে উঠেছিল উপভোগ্য। মনে হলো, প্রকৃতির সৌন্দর্য শুধু চোখে দেখার নয়, কখনো কখনো তার স্বাদও নেওয়া যায়। অপরাজিতার এক কাপ নীল চা যেন সেই উপলব্ধিরই সুন্দর উদাহরণ।