ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ
নাটোরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে আগুন দেওয়ার একটি ভিডিও। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় সরকারি গণগ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা এক যুবক স্মৃতিস্তম্ভের গোড়ায় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুন জ্বলে উঠতেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নাটোর সদর উপজেলা পরিষদের গেট থেকে টহলরত পুলিশ সদস্যরা মাদ্রাসা মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে ভবানীগঞ্জ মোড়ে স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন দেখতে পেয়ে দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন তারা। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু'জন যুবক স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত আগুন নেভান। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।