ঢাকা,  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

‘পুরুষতন্ত্র’ প্রচারের অভিযোগ পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’-এ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:২৫, ২৮ নভেম্বর ২০২৬
‘পুরুষতন্ত্র’ প্রচারের অভিযোগ পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’-এ
ছবি: সংগৃহীত

পুরুষতান্ত্রিক মানসিকতা ও নারীবিদ্বেষী বক্তব্য তুলে ধরার অভিযোগ উঠেছে পাকিস্তানের জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর গল্পে। ভারতের বিভিন্ন শহরে নাটকটির ব্যক্তিগত প্রদর্শনী আয়োজন নিয়ে আলোচনার পর এবার এর বিষয়বস্তু ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

নারী দর্শকদের একাংশ নাটকটির গল্প ও চরিত্রের উপস্থাপন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী লিখেছেন, ‘আমরা কি ভালো-মন্দ চিনতে শিখছি না? এটি পুরুষতন্ত্রের সবচেয়ে স্পষ্ট উদাহরণ। বিষয়টি বুঝতে এত সময় লাগার কথা নয়।’ আরেকজন লিখেছেন, ‘মূল দুই অভিনয়শিল্পীর প্রতি ভালো লাগার কারণে নাটকটির পুরুষতান্ত্রিক দিকগুলো উপেক্ষা করার চেষ্টা করছি।’ হাতাকাটা পোশাক পরা নিয়ে নাটকীয়তা ও নারীবিদ্বেষী উপস্থাপনের সমালোচনা করে ক্ষোভ ঝেড়েছেন অন্য এক দর্শকও।

অন্যদিকে, নাটকটির সমর্থনেও অবস্থান নিয়েছেন অনেকে। তাদের মতে, মুসলিম সংস্কৃতি ও ধর্মীয় অনুশাসন নিয়ে সমালোচনার ক্ষেত্রে ভিন্ন ধর্মাবলম্বী ও তথাকথিত নারীবাদীদের দ্বিচারিতা রয়েছে। নাটকটির গল্প ঘিরে ইন্টারনেটে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি আলোচনা চলছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারতেও বেশ জনপ্রিয়তা পেয়েছে ‘দার-ই-নিজাত’। নাটকটি একসঙ্গে দেখার জন্য ভারতের দিল্লি, বেঙ্গালুরু ও হায়দরাবাদের মতো শহরে বিশেষ আয়োজন করছেন ভক্তরা। গত ২১ নভেম্বর দিল্লির ক্যাফে ওটেঙ্গায় ‘ওয়াক উইথ হামজা, আয়েশাল অ্যান্ড ফাদিয়া’ নামের একটি উদ্যোগের আয়োজনে এমনই একটি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে ‘টেলস অব সিটি অফিসিয়াল’-এর উদ্যোগে দিল্লিতে প্রথম প্রদর্শনী হয়েছিল।

অনুষ্ঠানে অংশ নেওয়া আস্থা সিং নামের এক দর্শক জানান, অনুষ্ঠানটি ইনস্টাগ্রামে এতটা জনপ্রিয় হবে তা তারা ভাবেননি। সেখানে নাটকটির পরিচালকের সঙ্গেও কথা বলার সুযোগ পান দর্শকরা। আস্থা বলেন, ‘নাটকটির গল্পের সঙ্গে অনেক মানুষ নিজেদের মিল খুঁজে পান। সংলাপ, গল্প বলার ধরন এবং গান সবকিছুই ইন্টারনেটে জনপ্রিয়তা পেয়েছে। আশা করি, এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। কারণ শিল্পের কোনো জাতীয়তা নেই। আমাদের শিল্পের প্রশংসা করা উচিত।’

এআরওয়াই ডিজিটালের প্রযোজনায় নির্মিত ‘দার-ই-নিজাত’ গত ১ আগস্ট প্রচার শুরু হয়, যা প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায় (ভারতীয় সময়) প্রচারিত হচ্ছে। নাটকটিতে জারিয়াব চরিত্রে অভিনয় করেছেন দুর-এ-ফিশান সেলিম। প্রেমিক জামিলের (নামির খান) বিশ্বাসঘাতকতার পর অতীত ভুলে আবু বকর (শেহরিয়ার মুনাওয়ার) নামের একজন শান্ত ও ধর্মপরায়ণ মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করেন জারিয়াব। তবে অতীতের সিদ্ধান্ত ও পারিবারিক জটিলতা আবারও তার জীবনে প্রভাব ফেলতে থাকে।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!