ঢাকা, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু মারা গেছেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
মাতিয়া বানু শুকুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাংস্কৃতিক কর্মী এরশাদুল হক টিংকু। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিকের স্ত্রী। এক বছরের বেশি সময় আগে তার শরীরে ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাতেও ভুগছিলেন এই নির্মাতা।
দুই দশকের বেশি সময় ধরে দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে কাজ করেছেন মাতিয়া বানু শুকু। নাট্যকার ও পরিচালক হিসেবে তার কাজের মধ্য দিয়ে উঠে এসেছে মধ্যবিত্তের জীবন, পারিবারিক সম্পর্ক ও সমাজবাস্তবতার নানা দিক।
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘টু-লেট’, ‘একটা কিনলে আরেকটা ফ্রি’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’। এসব নাটক ও টেলিফিল্মের মাধ্যমে দর্শকমহলে পরিচিতি পান তিনি।
চলচ্চিত্র প্রযোজক হিসেবেও সাফল্য অর্জন করেন মাতিয়া বানু শুকু। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
তার মৃত্যুতে দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।