ঢাকা, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
মিমি চক্রবর্তী গোপনে নয়, প্রকাশ্যেই বাগদানের ছবি দিলেন
বাগদান ও আইনি বিয়ের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার বিকেলে বিয়ের প্রথম পর্ব সম্পন্ন করার পর বিশেষ এ মুহূর্তের ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
অনুষ্ঠানে বর ও কনে দুজনকেই সোনালি রঙের পোশাকে দেখা গেছে। দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং চলচ্চিত্র অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া ও আন্তরিক পরিবেশে বাগদান ও রেজিস্ট্রি বিয়ের কার্যক্রম শেষ হয়।
মিমির জীবনসঙ্গী চলচ্চিত্রজগতের কেউ নন। তার নাম সিদ্ধার্থ দত্ত, যিনি নৌবাহিনীতে কর্মরত একজন মেরিন ইঞ্জিনিয়ার। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নেন এই জুটি।
এদিকে অনুষ্ঠানস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে মিমির বর সিদ্ধার্থকে মূল ফটকে দাঁড়িয়ে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানাতে দেখা যায়। অতিথি আপ্যায়নে বরের এমন আন্তরিকতা নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।
প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় এবার মূল বিয়ের প্রস্তুতি শুরু হচ্ছে। আগামী ৫ ডিসেম্বর পাহাড়ি শহর কালিম্পংয়ে বসবে মিমির মূল বিয়ের আসর। সেখানে তিন দিনব্যাপী বিয়ের আয়োজন শেষে আগামী ১১ ডিসেম্বর রিসেপশন বা বিবাহোত্তর সংবর্ধনার মাধ্যমে আনুষ্ঠানিকতার ইতি টানা হবে।