ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
পাবনায় রাস্তায় নির্মাণসামগ্রী রেখে বায়ুদূষণ: ভবনমালিককে জরিমানা
পাবনা সদর উপজেলায় রাস্তার ওপর যত্রতত্র নির্মাণসামগ্রী রেখে বায়ুদূষণ সৃষ্টির অপরাধে এক নির্মাণাধীন ভবনের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ নভেম্বর) সদর উপজেলার ছাতিয়ানী এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ছাতিয়ানী এলাকায় রাস্তার ওপর অরক্ষিত অবস্থায় নির্মাণসামগ্রী সংরক্ষণ ও ফেলে রাখার ফলে ধুলাবালি উড়ে পরিবেশ ও বায়ুদূষণ হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে বায়ুদূষণের দায়ে সংশ্লিষ্ট নির্মাণাধীন ভবনের মালিককে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হিমেল মিয়া ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন। এ সময় জেলা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বায়ুদূষণকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।