ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
প্যারোলে মুক্তি নয়, কারাফটকে ছেলের শেষ মুখ দেখলেন বন্দি মা
সন্তানের মৃত্যুর খবর শুনে শেষবারের মতো ছেলেকে দেখতে চেয়েছিলেন মা। কিন্তু কারাগারের বন্দিদশায় চাইলেই তো আর ছুটে যাওয়া যায় না সন্তানের কাছে। তাই প্যারোলে মুক্তির আবেদন নয়, কারা কর্তৃপক্ষের কাছে শুধু একবার ছেলের মুখ দেখার আকুতি জানান তিনি। মায়ের সেই আকুতিতে সাড়া দিয়ে মানবিক উদ্যোগ নেয় কারা কর্তৃপক্ষ। স্বজনেরা নিয়ে আসেন সন্তানের নিথর দেহ। কারাগারের ফটকে বিশেষ ব্যবস্থায় ছেলেকে শেষবারের মতো দেখার সুযোগ পান বন্দি মা। স্বজনদের কান্না আর শোকের আবহে তৈরি হয় এক হৃদয়বিদারক দৃশ্য।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নিয়ে আসা হয় ১৫ বছর বয়সী নিসর্গ হোসেন তূর্যের মরদেহ। তার মা শারমিন সুলতানা সর্মি (৪৪) যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি বর্তমানে ওই কারাগারে বন্দি রয়েছেন।
পরিবার ও কারাগার সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে তূর্যের মৃত্যু হয়। সন্তানের মৃত্যুর খবর কারাগারে পৌঁছালে ভেঙে পড়েন শারমিন সুলতানা। ছেলেকে শেষবারের মতো দেখার ইচ্ছা প্রকাশ করে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তিনি। তবে প্যারোলে মুক্তির আবেদন করেননি। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় কারাগারের ফটকে সন্তানের মরদেহ নিয়ে আসার ব্যবস্থা করা হয়।
গত ৩ অক্টোবর রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় শারমিন সুলতানাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরপর থেকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর শারমিন সুলতানা প্যারোলে মুক্তির আবেদন করেননি। তিনি শুধু ছেলেকে শেষবারের মতো দেখতে চেয়ে আবেদন করেছেন। ছেলেটি প্রতিবন্ধী ছিল। বিষয়টি মানবিক দিক বিবেচনায় নিয়ে তাঁকে কারাগারের ফটকে ছেলের মরদেহ দেখার সুযোগ করে দেওয়া হয়েছে।
সন্তানের মৃত্যুতে শোকাতুর মায়ের জন্য কারাগারের ফটকই হয়ে ওঠে শেষ দেখার স্থান। স্বাভাবিক জীবনে একজন মা যেভাবে সন্তানকে শেষ বিদায় জানান, সেই সুযোগও ছিল সীমিত। কারাগারের সীমানার এপারে-ওপারে বিচ্ছেদের এমন মুহূর্তে স্বজনদের কান্না আর মায়ের শেষ দেখার আকুতি ছুঁয়ে যায় উপস্থিত ব্যক্তিদের।