ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ ক্যাম্পাস ]

চবির হীরকজয়ন্তী আয়োজনে অব্যাবস্থাপনার অভিযোগ, তদন্ত দাবি শিবিরের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৮, ২২ নভেম্বর ২০২৬
চবির হীরকজয়ন্তী আয়োজনে অব্যাবস্থাপনার অভিযোগ, তদন্ত দাবি শিবিরের
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে স্মারকগ্রন্থে ঐতিহাসিক তথ্যের অসংগতি, শিবিরের স্বাগত র‍্যালিতে বাধা এবং অনুষ্ঠান ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার অভিযোগ তুলে তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

রবিবার (২২ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি ও সেক্রেটারি হাবিব উল্লাহ খালেদ স্বাক্ষরিত স্মারকলিপিতে এসব দাবি জানানো হয়।

 

স্মারক লিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থে ঐতিহাসিক তথ্যের অসংগতি রয়েছে। এতে চাকসুর সাবেক ভিপি ও জিএসদের নাম-ছবি সংযুক্ত করা হলেও কয়েকজন নির্বাচিত প্রতিনিধির নাম ও ছবি বাদ পড়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। এতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়।

স্মারকগ্রন্থে তথ্যের অসংগতি সংশোধন, বাদ পড়া প্রতিনিধিদের নাম ও ছবি অন্তর্ভুক্ত করে পুনরায় প্রকাশ এবং এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ছাত্রশিবির।

এ ছাড়া হীরকজয়ন্তী উপলক্ষে পূর্বঘোষিত শিবিরের স্বাগত র‍্যালিতে বাধা দেওয়ার অভিযোগও তুলেছে সংগঠনটি। স্মারকলিপিতে বলা হয়,স্বাগত র‍্যালি মাঠ থেকে বের হওয়ার সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বাধা দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছে ছাত্রশিবির।

স্মারকলিপিতে হীরকজয়ন্তী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়। এতে অতিথিদের চলাচলে অসুবিধা, শিক্ষার্থীদের অংশগ্রহণে সমস্যা, খাবার ও উপহার সংকট এবং প্যান্ডেলে বৃষ্টির পানি প্রবেশের অভিযোগ তুলে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়।

সংগঠনটির নেতারা স্মারকলিপিতে হীরকজয়ন্তী অনুষ্ঠানের ব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার কারণ অনুসন্ধান, সংশ্লিষ্ট অভিযোগগুলোর তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ, শিক্ষার্থীদের সাংগঠনিক অধিকার প্রতিষ্ঠা এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা সমুন্নত রাখতে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।

ডেইলি-বাংলাদেশ/চবি/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!