ঢাকা, শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
শৈশবের উঠোন ছেড়ে স্বপ্নের আঙিনায় নবীন নোবিপ্রবিয়ানরা
আহমেদ ফারুক তাশদীদের কাছে নোবিপ্রবি একটি স্বপ্নের ঠিকানা। নিজের জেলার বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা ছিল দীর্ঘদিনের। সবুজ ক্যাম্পাস ও নীলদিঘীর পরিবেশ তাঁকে মুগ্ধ করেছে। পরিবারের দোয়া, ত্যাগ ও সমর্থনকে নিজের স্বপ্নপূরণের পেছনের বড় শক্তি মনে করেন তিনি।
প্রাণিবিদ্যা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহমেদ ফারুক তাশদীদ বলেন, ‘নোবিপ্রবিতে পড়ার স্বপ্ন আমার দীর্ঘদিনের। এখানকার সবুজ ক্যাম্পাস ও নীলদিঘীর পরিবেশ আমাকে মুগ্ধ করে। এই স্বপ্নপূরণের পেছনে রয়েছে পরিবারের দোয়া, ত্যাগ ও সমর্থন। ভবিষ্যতে এখান থেকে জ্ঞান অর্জন করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।’
তবে সবার বিশ্ববিদ্যালয়ে আসার অভিজ্ঞতা এক রকম নয়। নিজের বাড়ি ও পরিবার ছেড়ে দূরে থাকতে গিয়ে অনেকের কাছেই নতুন জীবন হয়ে ওঠে চ্যালেঞ্জের। নিজের কাজ নিজে করা,নিজের খরচ নিজে চালানো, দৈনন্দিনের বিভিন্ন কাজ এবং একাকিত্ব সামলে চলার মধ্য দিয়ে শুরু হয় স্বনির্ভর হওয়ার নতুন অধ্যায়।
কৃষি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাসিবুল ইসলামের কাছে বাড়ি থেকে দূরে থাকার সবচেয়ে কঠিন দিক পরিবারের অভাব অনুভব করা। বিশেষ করে মায়ের কথা বেশি মনে পড়ে তাঁর। তবে বিশ্ববিদ্যালয়ে এসে বন্ধু, রুমমেট ও বড় ভাই-আপুদের সহযোগিতায় নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
হাসিবুল ইসলাম বলেন, ‘বাড়ি থেকে দূরে এসে পরিবারের অভাব সবচেয়ে বেশি অনুভব করি। বিশেষ করে মাকে খুব মনে পড়ে। নতুন পরিবেশে পরিবার কাছে না থাকলেও ক্লাসের বন্ধু, রুমমেট ও বড় ভাই-আপুদের পাশে পাচ্ছি। বাড়িতে অনেক কিছু সহজ হলেও বিশ্ববিদ্যালয়ে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়।নিজের কাজ নিজে করার মাধ্যমে ধীরে ধীরে স্বনির্ভর হতে শিখছি।’
ঢাকা থেকে নোয়াখালীতে এসে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাদিজা ফাইরুজ তানহাকে। নতুন জায়গায় এসে জিনিসপত্রের দাম, যাতায়াত ও পানির সমস্যাসহ নানা পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। তবে এসব অভিজ্ঞতার মধ্য দিয়েই নিজের কাজ নিজে করা এবং সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে উঠছে তাঁর।
তানহা বলেন, ‘ঢাকা থেকে নোয়াখালী এসে শুরুতে মানিয়ে নিতে বেশ কষ্ট হয়েছে। জিনিসপত্রের চড়া দাম, যাতায়াত ও পানিতে আয়রনের সমস্যাসহ নানা পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তবে এখানে এসে নিজের কাজ নিজে করা ও সিদ্ধান্ত নিতে শিখেছি।'
খাদিজা আরো বলেন,'ছোট ভাইটার কথা মনে পড়লেই হঠাৎ করে মনটা খারাপ হয়ে যায়,তখন খুবই একাকিত্ব অনুভব করি।এই সময় গুলোতে পরিবার, বন্ধু ও রুমমেটদের সঙ্গে কথা বলি। কখনো গান শুনি, নাটক দেখি কিংবা বাইরে হাঁটতে বের হই।’
পরিবার থেকে দূরে থাকার অভিজ্ঞতা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুরাইয়া ইসলামের জীবনেও নতুন উপলব্ধি এনে দিয়েছে। ছোটবেলা থেকে পরিবারের যত্নে বেড়ে ওঠা সুরাইয়ার কাছে হোস্টেলজীবন ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা। এখন পড়াশোনার পাশাপাশি নিজের দৈনন্দিন কাজ নিজেকেই সামলাতে হয়। মন খারাপ হলে কিংবা অসুস্থ থাকলে সবচেয়ে বেশি মনে পড়ে মায়ের কথা। ইচ্ছা হলেই বাড়ি ফিরে যাওয়ার সুযোগ না থাকায় ফোনে পরিবারের সঙ্গে কথা বলেই মন ভালো রাখার চেষ্টা করেন তিনি।
উত্তরবঙ্গ থেকে নোবিপ্রবিতে পড়তে আসা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম আকাশের অভিজ্ঞতাতেও উঠে এসেছে বাড়ি ও পরিবারের প্রতি গভীর টান। প্রথমবার এত দূরে এসে পরিচিত পরিবেশ ছেড়ে অচেনা মানুষের ভিড়ে নিজেকে মানিয়ে নেওয়াটা তাঁর জন্য ছিল একই সঙ্গে রোমাঞ্চকর ও কঠিন।
আকাশ বলেন, ‘প্রথমবার উত্তরবঙ্গ থেকে এত দূরে নোবিপ্রবিতে এসে মনে হয়েছিল, যেন এক মুহূর্তেই পরিচিত শহরটা ছেড়ে অচেনা এক জগতে চলে এসেছি। চারপাশে অসংখ্য মানুষ,কিন্তু সবাই অপরিচিত।সবচেয়ে বেশি মিস করি মায়ের হাতের রান্না আর উত্তরবঙ্গের মিঠাপানি। নোয়াখালীতে পানি কিনে খেতে হয়, তখন নিজের এলাকার চেনা পানির স্বাদ মনে পড়ে।’
নবীন শিক্ষার্থীদের অভিজ্ঞতা আলাদা হলেও অনুভূতির জায়গায় রয়েছে অনেক মিল। নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, পরিবারের অভাব অনুভব করা, নিজের দায়িত্ব নিজে পালন করা—সবকিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয়জীবনের শুরুটা তাঁদের জন্য এক নতুন শিক্ষার সময়। এখানে যেমন তৈরি হচ্ছে নতুন বন্ধুত্ব, তেমনি বাড়ছে দায়িত্ববোধ ও আত্মনির্ভরশীলতা।
শৈশবের পরিচিত উঠোন ছেড়ে নোবিপ্রবির ক্যাম্পাসে আসা এসব শিক্ষার্থীর প্রত্যাশাও আলাদা। কেউ স্বপ্ন দেখছেন জ্ঞান অর্জন করে দেশ ও মানুষের জন্য কাজ করার, কেউবা নিজের ভবিষ্যৎ গড়ার। তবে সবার কাছে বিশ্ববিদ্যালয়জীবন শুধু একটি সনদ অর্জনের যাত্রা নয়; বরং নিজেকে নতুনভাবে আবিষ্কার করারও সুযোগ। যে ক্যাম্পাসে প্রথম দিন ছিল অচেনা, সময়ের সঙ্গে সেই ক্যাম্পাসই হয়ে উঠবে তাঁদের নতুন স্মৃতি, বন্ধুত্ব আর স্বপ্নের ঠিকানা।