ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]
ভারপ্রাপ্তদের কাঁধে বাড়তি দায়িত্বে ব্যাহত পাঠদান

ভাঙ্গুড়ায় ৯৯ বিদ্যালয়ের ৬০টিতেই প্রধান শিক্ষক নেই

ভাঙ্গুড়া(পাবনা )প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫১, ২৩ নভেম্বর ২০২৬
ভাঙ্গুড়ায় ৯৯ বিদ্যালয়ের ৬০টিতেই প্রধান শিক্ষক নেই
ছবি- ডেইলি বাংলাদেশ

 পাবনার ভাঙ্গুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট দিন দিন প্রকট হচ্ছে। উপজেলার ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬০টিতেই নেই নিয়মিত প্রধান শিক্ষক। এছাড়া সহকারী শিক্ষকের ৩১টি পদও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এতে একদিকে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, অন্যদিকে স্বাভাবিক পাঠদান নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক না থাকায় অধিকাংশ বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি দাপ্তরিক কাজ, বিদ্যালয় পরিচালনা ও প্রশাসনিক দায়িত্ব সামলাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। এতে শিক্ষার্থীদের পাঠদান তদারকি ও শিক্ষার মান নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, বিধি অনুযায়ী প্রধান শিক্ষক পদের ৮০ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণের বিধান রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে পদোন্নতি কার্যক্রম কার্যকর না হওয়ায় শূন্য পদগুলো পূরণ হচ্ছে না। এর সঙ্গে প্রতিবছর শিক্ষক অবসরে যাওয়ায় সংকট আরও বাড়ছে।
উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মনিরুজ্জামান, ফিরোজ আহমেদ, মো. জাহাঙ্গীর আলম ও কানিজ ওয়ারেসী বলেন, প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকদের বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে নিয়মিত পাঠদান ও বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে দ্রুত শূন্য পদ পূরণ করা প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেকেন্দার আলী বলেন, শিক্ষক সংকট নিরসনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
শিক্ষক ও সংশ্লিষ্টদের দাবি, উপজেলার ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও পাঠদানের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে দ্রুত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্য পদ পূরণে কার্যকর উদ্যোগ নিতে হবে।
 

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!