ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
দ্বিতীয় টেস্টের একাদশ মুশফিক-হাসান ছাড়া কেমন হবে
সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টে বড় দুশ্চিন্তা নিয়ে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। কুঁচকির চোটে মুশফিকুর রহিম ও কনুইয়ের চোটে হাসান মাহমুদ ছিটকে গেছেন। দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার এবং সবচেয়ে ছন্দে থাকা বোলারকে ছাড়াই খেলতে হবে সফরকারীদের। এর ওপর প্রথম ইনিংসে ৪০০ রান করেও জোহানেসবার্গে ৯ উইকেটে হারের ধাক্কা সামলে স্বাগতিকদের মোকাবিলা করার কঠিন চ্যালেঞ্জ তো থাকছেই।
বাভুমার চোট ছাড়া দক্ষিণ আফ্রিকা শিবিরে তেমন কোনো দুশ্চিন্তা নেই। প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০ রানের জবাবে দারুণ ব্যাটিং করে ১৫৭ রানের লিড নিয়েছিল প্রোটিয়ারা। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথম ইনিংসে চার শ বা তার বেশি রান হজম করেও ম্যাচ জেতার এটি মাত্র তৃতীয় নজির।
জোহানেসবার্গ টেস্টে অবশ্য সফরকারীদেরও উজ্জ্বল কিছু মুহূর্ত ছিল। ১২২ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে ২০৬ রানের জুটি গড়েন তাওহিদ হৃদয় ও লিটন দাস; দুজনই তুলে নেন সেঞ্চুরি। বিশেষ করে হৃদয় আছেন দুর্দান্ত ছন্দে- গত দুই মাসে তার ব্যাট থেকে এসেছে অপরাজিত ৩৫০ ও অপরাজিত ২৪২ রানের ইনিংস।
তবে দক্ষিণ আফ্রিকা লিড নেওয়ার পর বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্র বদলে যায়। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে দীর্ঘ জুটিতে মাহফিজুল ইসলামের সংগ্রাম দলের ব্যাটিংয়ের ভোগান্তিটাই স্পষ্ট করে তোলে। দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন মুমিনুল হক। প্রথম ইনিংসের ভালো শুরুটা দ্বিতীয় ইনিংসে ধরে রাখতে পারেননি তানজিদ হাসান, হৃদয় ও লিটনও।
দুশ্চিন্তা আছে বাংলাদেশের বোলিং নিয়েও। পেসারদের মধ্যে কিছু সময়ে শৃঙ্খলার ঘাটতি চোখে পড়েছে। ইবাদত হোসেন পর্যাপ্ত সময় বোলিং করতে পারেননি, আর দক্ষিণ আফ্রিকার মাটিতে মেহেদী হাসান মিরাজের সংগ্রামও অব্যাহত রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) বর্তমান শিরোপাধারী দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানাতে হলে সেঞ্চুরিয়নে অনেক কিছুই নিজেদের পক্ষে আনতে হবে বাংলাদেশকে।
দ্বিতীয় টেস্ট চোট পাওয়া মুশফিকুর রহিম ও হাসান মাহমুদের বদলি হিসেবে বাংলাদেশের একাদশে জাকের আলী ও শরীফুল ইসলামের খেলার সম্ভাবনাই বেশি।
বাংলাদেশ (সম্ভাব্য একাদশ): ১. তানজিদ হাসান, ২. মাহফিজুল ইসলাম, ৩. মুমিনুল হক, ৪. নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ৫. তাওহিদ হৃদয়, ৬. জাকের আলী, ৭. লিটন দাস (উইকেটকিপার), ৮. মেহেদী হাসান মিরাজ, ৯. তাসকিন আহমেদ, ১০. শরীফুল ইসলাম ও ১১. ইবাদত হোসেন।