ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
সাইক্লোন শেল্টারের নকশায় খেলার মাঠ হারানোর শঙ্কা, প্রতিবাদ
সাতক্ষীরার দেবহাটা উপজেলার গোপাখালী রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষায় সাইক্লোন শেল্টার নির্মাণের নকশা ও পরিকল্পনা পুনর্বিবেচনার দাবি উঠেছে। মাঠ সংকুচিত হওয়ার আশঙ্কায় স্থানীয় তরুণ সমাজ, সচেতন মহল ও এলাকাবাসী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। সাতক্ষীরাজেলার খবর
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫০ ফুট দৈর্ঘ্য ও ১৩০ ফুট প্রস্থের মাঠটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি গোপাখালী, দাদপুর ও টাউনশ্রীপুর-পালপাড়াসহ আশপাশের তিন-চারটি গ্রামের শিশু-কিশোর ও যুবসমাজের খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র।
এলাকাবাসীর অভিযোগ, ২০২১-২২ অর্থবছরে বরাদ্দ করা ১০০ ফুট দৈর্ঘ্য ও ৫৫ ফুট প্রস্থের ‘এল’ আকৃতির সাইক্লোন শেল্টার নির্মাণের পরিকল্পনায় মাঠের বড় অংশ সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রস্তাবিত ভবনের উল্লম্ব অংশ পূর্ব-পশ্চিম বরাবর দীর্ঘ হলে মাঠের ১০০ ফুটেরও বেশি অংশ ভবনের আওতায় চলে যেতে পারে। এতে মাঠটি খেলাধুলা ও অন্যান্য আয়োজনের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা করছেন তারা।
স্থানীয়দের দাবি, ২০২১-২২ সালের প্রাথমিক স্কেচ ম্যাপে ভবনের উল্লম্ব অংশ উত্তর-দক্ষিণ এবং আনুভূমিক অংশ পূর্ব-পশ্চিম বরাবর নির্ধারণ করা হয়েছিল। পরবর্তী সময়ে নকশার অবস্থান পরিবর্তনের কারণ জানতে চেয়েছেন তারা। পুরোনো ভবনের কিছু অংশ অপসারণ করে আগের বিন্যাস ফিরিয়ে আনা অথবা বিকল্প জায়গায় সাইক্লোন শেল্টার নির্মাণের বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
তাদের মতে, উপকূলীয় এলাকায় সাইক্লোন শেল্টার অত্যন্ত জরুরি হলেও তা যেন এলাকার একমাত্র খেলার মাঠ সংকুচিত করে নির্মাণ করা না হয়। মাঠের পরিসর কমে গেলে শিশু-কিশোরদের খেলাধুলা, শারীরিক ও মানসিক বিকাশ এবং যুবসমাজের সামাজিক কর্মকাণ্ড ব্যাহত হতে পারে।
খেলার মাঠ অক্ষত রেখে সাইক্লোন শেল্টার নির্মাণের পরিকল্পনা পুনর্বিবেচনার জন্য উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় তরুণ সমাজ ও এলাকাবাসী।