ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদ
আওয়ামী লীগের রাজনীতি, অতীতের সহিংসতা, গুম-খুন ও দেশের অর্থনীতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেছেন, আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে। ২০২৬ সালে এসে দলটির অতীত কর্মকাণ্ডের নানা প্রমাণ সামনে আসছে, যা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা যুবদলের উদ্যোগে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে জয়বাংলা মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপ ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
শামা ওবায়েদ বলেন, লগি-বৈঠার রাজনীতি, পেট্রোল বোমার রাজনীতি ও সহিংসতার সংস্কৃতি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে। শেখ হাসিনা বার্ন ইউনিট প্রতিষ্ঠা করলেও রাজনৈতিক সহিংসতায় আহত মানুষদের সেই বার্ন ইউনিটে পাঠানো হতো। পরে আবার ক্যামেরা নিয়ে সেসব ঘটনা ধারণ করতে যেতেন তারা।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন আর কারও কথায় পরিচালিত হবে না। একসময় নির্যাতিত মানুষের মুখে স্লোগান ছিল, ‘হাসিনারে, হাসিনা তোর কথায় নাচি না।’ মানুষকে ভয় দেখিয়ে দমনের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়েছে।
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশে বসে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন আপনারা। হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে শিশু হত্যার নির্দেশ, গুম ও খুনসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেক নেতা, ছাত্র ও যুবককে গুম-খুন করে তাঁদের পরিবারের বুক খালি করেছেন। এখন নিজেরাই দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টে মানুষের এক দফা দাবি ছিল ফ্যাসিবাদের পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠা। কেউ শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালানোর দাবি জানায়নি। তিনি নিজেই দেশ ছেড়ে চলে গেছেন।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বর্তমানে অর্থনীতি, ব্যাংকিং খাত, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন হচ্ছে। তারেক রহমানের উদ্যোগে ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড ও প্রবাসী কার্ড চালুর পাশাপাশি মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগও আবার বাড়ছে। এসব অগ্রগতি আওয়ামী লীগের ভালো লাগছে না।
পোশাকশিল্পের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এ শিল্পে লাখো নারী শ্রমিক কাজ করে পরিবার চালাচ্ছেন এবং সন্তানদের লেখাপড়ার খরচ বহন করছেন। অথচ এ খাতকে অস্থিতিশীল ও ধ্বংস করার চেষ্টা চলছে। আন্তর্জাতিক মহল, উন্নয়ন সহযোগী ও দেশের মানুষ এসব পরিস্থিতি বুঝতে পারছে। সরকার শ্রমিকদের পাশে রয়েছে এবং তাঁদের দাবি-দাওয়া পূরণে অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, পোশাকশিল্পে অশান্তি সৃষ্টি এবং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা প্রমাণ করে, তারা শুধু রাজনৈতিকভাবে পরাজিত নয়, দেশের অর্থনীতি ও জনগণের স্বার্থেরও বিরোধী।
শামা ওবায়েদ আরও বলেন, বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে যাচ্ছে। জনগণ আর অতীতের মতো কোনো রাজনৈতিক শক্তির কথায় পরিচালিত হবে না।
নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইসা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিববুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ, সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ এবং সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ ও সদস্যসচিব এনায়েত হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।