ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

তজুমদ্দিনে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোবাইল চুরি, কর্তৃপক্ষকে জানিয়েও প্রতিকার পাননি ভুক্তভোগী

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৬, ২২ নভেম্বর ২০২৬
তজুমদ্দিনে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোবাইল চুরি, কর্তৃপক্ষকে জানিয়েও প্রতিকার পাননি ভুক্তভোগী
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে এক শিশু রোগীর মায়ের মোবাইল ফোন চুরির ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েও কোনো সুরাহা পাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

জানা গেছে, গত বৃহস্পতিবার লাইজু বেগম তার অসুস্থ শিশু তিশাকে  চিকিৎসার জন্য তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে ভর্তি করেন । শুক্রবার সকালে শিশু ওয়ার্ডে মোবাইল রেখে বাচ্চার জন্য খাবার আনতে গেলে তার মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। এতে বিপাকে পড়েন ওই নারী।

ভুক্তভোগী লাইজু বেগম বলেন, মোবাইল চুরির বিষয়টি নার্সদেরকে জানালে তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানাতে বলেন। তাকে মৌখিকভাবে জানালে তিনি শুক্রবারে সিসি ক্যামেরা বন্ধ থাকায় কিছুই করার নেই বলে সাফ জানিয়ে দেন। এখন পর্যন্ত কোনো সমাধান পাননি বলে তার অভিযোগ।

স্বাস্থ্য কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের শিশু ওয়ার্ডে এমন চুরির ঘটনায় রোগী ও স্বজনদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। শিশুকে  চিকিৎসা করাতে আসা একজন মা জানান,  যদি রোগীর স্বজনদের ব্যক্তিগত মালামালের নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষ কোথায় নিরাপদ থাকবে- এমন প্রশ্নও দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বহিরাগতদের চলাচল নিয়ন্ত্রণ এবং সিসিটিভি ক্যামেরার কার্যক্রম নিশ্চিত করা হোক। একই সঙ্গে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

এ বিষয়ে জানতে রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহাবুব কবিরের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!