ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
রাতের আঁধারে বাড়ির ফটকে কাফনে মোড়ানো পুতুল
রাতের আঁধারে বাড়ির মূল ফটকের সামনে রেখে যাওয়া হয়েছে কাফনের কাপড়ের মতো সাদা কাপড়ে মোড়ানো খড়ের তৈরি মানুষসদৃশ পুতুল। পুতুলটির চারপাশে ময়দা দিয়ে আঁকা বৃত্ত, সঙ্গে গোলাপজল, মোম, আগরবাতি ও সিঁদুর। পুতুলটির শরীরে গোঁজা রয়েছে ১৪টি বেলকাটা। অস্বাভাবিক এই দৃশ্য ঘিরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও কৌতূহল।
রোববার (২২ নভেম্বর) ভোর সকালে ঘটনাটি জানাজানি হওয়ার পর বাড়িটির সামনে ভিড় করেন স্থানীয় লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাওনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিরিশগুড়ি গ্রামের বাসিন্দা আলী হোসেন সিকদারের বাড়ির মূল ফটকের পূর্ব পাশে বস্তুগুলো রাখা হয়। ধানের খড় দিয়ে মানুষের আদলে তৈরি পুতুলটি সাদা কাপড়ে মোড়ানো ছিল। এর চারপাশে ময়দা দিয়ে একটি বৃত্ত তৈরি করে সেটিকে চার ভাগে ভাগ করা হয়। বৃত্তের ভেতরে রাখা ছিল গোলাপজল, মোম, আগরবাতি ও সিঁদুর। পুতুলটির শরীরে ১৪টি বেলকাটা গোঁজা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বাড়ির মালিক আলী হোসেন সিকদার বলেন, শনিবার রাত ৯টার দিকে বাড়ির মূল ফটকে তালা লাগানো হয়। পরে বাড়িতে আসা মেহমান ও পরিবারের মেয়েদের সঙ্গে গল্প করে রাত ১২টার দিকে ঘুমিয়ে পড়েন তাঁরা। রোববার ফজরের নামাজের পর হাঁটার জন্য বাড়ির গেট খুলতেই বিষয়টি তাঁর নজরে আসে। পরে খবর ছড়িয়ে পড়লে গ্রামের বহু মানুষ বাড়ির সামনে ভিড় করেন। তিনি বলেন, 'আমার কারও সঙ্গে কোনো বিরোধ নেই। কে বা কারা, কী উদ্দেশ্যে এসব রেখে গেছে, তা বুঝতে পারছি না।'
প্রত্যক্ষদর্শী আনোয়ার মোল্লা বলেন, লোকমুখে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে ময়দা দিয়ে তৈরি বৃত্তের ভেতরে কাফনের কাপড়ের মতো সাদা কাপড়ে মোড়ানো খড়ের পুতুল দেখতে পান। বৃত্তটি চার ভাগে বিভক্ত ছিল। পুতুলটির শরীরে ১৪টি বেলকাটা গোঁজা ছিল বলেও জানান তিনি।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে। শিরিশগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বলে, এমন দৃশ্য আগে কখনো দেখেনি সে। পুতুলটি দেখে ভয় পেয়েছে। তার সঙ্গে আরও কয়েকজন বন্ধুও সেটি দেখতে এসেছে।
শিরিশগুড়ি হিন্দুপাড়া এলাকার এক নারী স্থানীয়ভাবে প্রচলিত লোকবিশ্বাসের কথা উল্লেখ করে বলেন, খড়ের পুতুলে সিঁদুর ও বেলকাটা ব্যবহারের ঘটনাকে অনেকে শত্রুতাবশত তন্ত্র-মন্ত্রের সঙ্গে মিলিয়ে দেখছেন। তবে এ ধরনের ধারণার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
মাওনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বিস্মিত হয়েছেন। এমন ঘটনা এলাকায় উদ্বেগ ও কৌতূহল তৈরি করেছে।
কে বা কারা রাতের আঁধারে এসব সামগ্রী সেখানে রেখে গেছে, এর পেছনে কোনো ব্যক্তিগত বিরোধ, ভয় দেখানোর চেষ্টা, নাকি অন্য কোনো কারণ রয়েছে তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন,খবর পেয়ে মাওনা চকপাড়া ফাঁড়ির পুলিশ পাঠানো হয়েছে।