ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ব্যাংকের পর্ষদে এমপি-মন্ত্রী নিষিদ্ধ, পরিচালকের মেয়াদ কমে হচ্ছে ৬ বছর
ব্যাংক খাতে পরিবারতন্ত্র, রাজনৈতিক প্রভাব ও অনিয়ম কমিয়ে সুশাসন প্রতিষ্ঠায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে কোনো মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) কিংবা স্থানীয় সরকার জনপ্রতিনিধি ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হতে পারবেন না। একই সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদে এক পরিবারের সদস্যসংখ্যা সর্বোচ্চ তিনজন থেকে কমিয়ে দুইজন এবং পরিচালকের একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করা হচ্ছে।
প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে ব্যাংকের মালিকানা ও পরিচালনায় প্রভাবশালী পরিবারগুলোর নিয়ন্ত্রণ সীমিত করা, ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। খসড়ায় ব্যাংক কোম্পানি আইনের ১৫(১০) ধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এতে একটি পরিবারের সর্বোচ্চ দুজন সদস্য ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন। বর্তমানে এ সংখ্যা তিনজন। একই পরিবারের মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বও কমানো হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে একটি পরিবারের সর্বোচ্চ দুজনের পরিবর্তে একজন প্রতিনিধি পর্ষদে থাকার সুযোগ পাবেন।
নতুন বিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিরা ব্যাংকের পরিচালক, এমডি বা সিইও হওয়ার যোগ্যতা হারাবেন। ঋণখেলাপি, ফৌজদারি অপরাধে দণ্ডিত, আর্থিক অনিয়মে জড়িত এবং নিয়ন্ত্রক সংস্থার বিধি লঙ্ঘনকারীদের অযোগ্যতার বিধানও বহাল থাকছে।
পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার প্রস্তাবিত পরিবর্তনগুলোকে স্বাগত জানিয়েছেন। তার মতে, পরিচালকদের দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালন এবং একই পরিবারের অতিরিক্ত প্রতিনিধিত্ব ব্যাংকে অভ্যন্তরীণ ঋণ বিতরণ ও প্রভাব বিস্তারের ঝুঁকি বাড়ায়। অতীতের লুটপাট ঠেকাতে শক্তিশালী আইনি ব্যবস্থা প্রয়োজন।
প্রস্তাবিত সংশোধনীতে ব্যাংকের পরিচালকদের একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ সময় ছয় বছর নির্ধারণ করা হয়েছে। ছয় বছর পূর্ণ হলে একই ব্যাংকের পরিচালনা পর্ষদে ফিরতে অন্তত তিন বছর অপেক্ষা করতে হবে। এমনকি তিন বছরের কম সময়ের দায়িত্ব পালনও ছয় বছরের হিসাবের সঙ্গে যুক্ত হবে। ব্যাংক পরিচালকদের মেয়াদ নিয়ে এর আগে একাধিকবার আইন পরিবর্তন হয়েছে। ২০১৮ সালে ছয় বছরের সীমা বাড়িয়ে নয় বছর এবং ২০২৩ সালে তা ১২ বছর করা হয়। এবার আগের ছয় বছরের সীমা পুনর্বহালের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাধীন পরিচালকের সংখ্যাও বাড়ানোর প্রস্তাব রয়েছে। ২০ সদস্যের পরিচালনা পর্ষদে বর্তমানে অন্তত তিনজন স্বাধীন পরিচালক থাকার বিধান থাকলেও তা বাড়িয়ে চারজন করা হচ্ছে। ২০ জনের কম সদস্যের পর্ষদে স্বাধীন পরিচালকের সংখ্যা দুই থেকে বাড়িয়ে তিনজন করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো ব্যাংক বা সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে গত তিন বছরের সম্পর্ক বা স্বার্থসংশ্লিষ্টতা থাকলে কাউকে স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।
ব্যাংকের শেয়ার ধারণের ক্ষেত্রে ব্যক্তি, প্রতিষ্ঠান বা পরিবারের জন্য বিদ্যমান সর্বোচ্চ ১০ শতাংশ সীমা বহাল রাখার প্রস্তাব রয়েছে। তবে ব্যাংক খাতের স্বার্থে বিশেষ পরিস্থিতিতে কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে বিনিয়োগকারীর যোগ্যতা ও শর্ত নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকের কোনো পরিচালক পদ হারালে বা পদ শূন্য হলে তার কাছে থাকা ঋণ ও অগ্রিম আদায়ের বিষয়েও কঠোর বিধান যুক্ত হচ্ছে। সংশ্লিষ্ট পরিচালককে শেয়ার সমর্পণের মাধ্যমে পাওনা পরিশোধ করতে হবে। এরপরও বকেয়া থাকলে তা সরকারি পাওনা হিসেবে আদায়ের ব্যবস্থা করা যাবে। এ ধরনের ঋণ পুনঃতফসিল বা অন্য কোনো উপায়ে নিয়মিত করার সুযোগ রাখা হচ্ছে না। এছাড়া পরিচালনা পর্ষদের অনুমতি ছাড়া কোনো পরিচালক টানা তিন মাসের বেশি সভায় অনুপস্থিত থাকতে পারবেন না। বছরে একবারের বেশি এ ধরনের ছুটিও নেওয়া যাবে না।
প্রস্তাবিত আইনে তথ্য ও নথিপত্র দিতে ব্যর্থ হওয়া কিংবা আইন লঙ্ঘনের ক্ষেত্রে ন্যূনতম জরিমানা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার কথা বলা হয়েছে। ব্যাংকের সংঘস্মারক (মেমোরেন্ডাম) ও সংঘবিধি (আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন) পরিবর্তনের ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে।
এছাড়া কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর নতুন পর্ষদ গঠন ও দায়িত্ব পালনের মেয়াদ নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা স্পষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। পুনর্গঠন, একীভূতকরণ, অবসায়ন বা অধিগ্রহণের মতো পরিস্থিতিতে নির্দিষ্ট শর্তে বিধিবদ্ধ তারল্য সম্পদ সংরক্ষণে ব্যর্থতার জরিমানা মওকুফ বা কমানোর ক্ষমতাও বাংলাদেশ ব্যাংককে দেওয়ার প্রস্তাব রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খসড়াটি চূড়ান্ত করেছে। পরবর্তী ধাপে মন্ত্রিসভার অনুমোদনের জন্য এটি পাঠানোর কথা রয়েছে। ব্যাংক খাতে দীর্ঘদিনের পরিবারতন্ত্র, রাজনৈতিক প্রভাব, অনিয়ম ও ঋণখেলাপি সংস্কৃতি নিয়ন্ত্রণে প্রস্তাবিত সংশোধনীগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।