ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
চার দফা দাবিতে জাবি ছাত্রশিবিরের স্মারকলিপি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হামলা ও নির্যাতনে অভিযুক্তদের বিচার, আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনে জনমত তৈরির অভিযোগে কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা এবং ডেইরি গেটে নিষিদ্ধ ছাত্রলীগের তালা দেওয়ার ঘটনায় জড়িতদের শাস্তিসহ চার দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
রবিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের অনুপস্থিতে তার পক্ষে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম স্মারকলিপিটি গ্রহণ করেন।
স্মারকলিপিতে বলা হয়, জুলাই-আগস্টে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনে সংশ্লিষ্টতার অভিযোগ থাকা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি এবং প্রশাসনিক পদক্ষেপ স্পষ্ট নয়। অভিযুক্তদের কেউ কেউ ক্যাম্পাসে স্বাভাবিকভাবে চলাফেরা করছেন বলেও অভিযোগ করে সংগঠনটি।
এতে আরও বলা হয়, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক জেবুন্নেসা, দর্শন বিভাগের অধ্যাপক নাসরিন সুলতানা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ফজলুল হালিম রানার সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ড জনমনে উদ্বেগের জন্ম দিয়েছে।
তাদের টেলিভিশন আলোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং আওয়ামী লীগ সরকারের শাসনামলের অপরাধ আড়াল করে দলটির রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে জনমত তৈরির প্রবণতা রয়েছে বলে দাবি করা হয়। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের কর্মকাণ্ড তদন্ত এবং অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাকে বেগম সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষের পদ থেকে অপসারণের দাবি জানানো হয়।
এছাড়া আওয়ামী লীগের অবরোধ কর্মসূচির সময় কয়েকজন শিক্ষকের ক্লাস ও একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার অভিযোগ তদন্তের দাবি জানায় সংগঠনটি। গত ১০ নভেম্বর ডেইরি গেটে তালা দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের জড়িতদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করার কথা প্রশাসন জানালেও দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া বিশ্ববিদ্যালয়ের ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা চিত্রায়িত হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে ছাত্রশিবির চার দফা দাবি তুলে ধরে। দাবিগুলো হলো- জুলাইয়ের সহিংসতায় অভিযুক্তদের বিচার, সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা, অধ্যাপক স্নিগ্ধাকে হল প্রাধ্যক্ষের পদ থেকে অপসারণ, একাডেমিক কার্যক্রম ব্যাহত করার অভিযোগ তদন্ত এবং ডেইরি গেটে তালা দেওয়ার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা।
স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফ করেন জাবি শাখা সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম। এসময় তিনি বলেন, “ডিসেম্বর মাসকে সামনে রেখে আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। সারাদেশে হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। সর্বশেষ ডাকসুর ভিপি ও ছাত্রশিবিরের সাবেক আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা এবং তার বাবা-মাকে হত্যার চেষ্টা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা দেওয়া, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও ব্যানার লাগানোর মতো ঘটনা ঘটলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। একইভাবে জুলাইয়ের হামলার বিচার ও পুনঃতদন্তের দাবি উপেক্ষা করা হচ্ছে। ক্যাম্পাসে ধারাবাহিক অরাজকতা চললেও প্রশাসনের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। আমরা বলতে চাই, অনতিবিলম্বে সকল ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ইসলামি ছাত্রশিবির কঠর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।”