ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভোলায় পাচারের সময় জব্দকৃত সার কৃষকদের কাছে ন্যায্য মূল্যে বিক্রি

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৫, ২২ নভেম্বর ২০২৬
ভোলায় পাচারের সময় জব্দকৃত সার কৃষকদের কাছে ন্যায্য মূল্যে বিক্রি
ভোলায় পাচারের সময় জব্দকৃত সার ভ্রাম্যমাণ আদালত ও কৃষি বিভাগের তত্ত্বাবধানে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলায় অবৈধভাবে পাচারের অভিযোগে জব্দ করা ২১৮ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ও কৃষি বিভাগের তত্ত্বাবধানে এসব সার বিক্রি করা হয়। এতে ন্যায্যমূল্যে সার পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।

রোববার সকালে ভোলার ইলিশা এলাকার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর ইলিশা গ্রামের দারগার খাল এলাকায় এ সার বিক্রি কার্যক্রম পরিচালিত হয়।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জব্দ করা সারগুলোর মধ্যে ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) ও এমওপি (মিউরেট অব পটাশ) সার রয়েছে। সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি বস্তা ডিএপি সার ১ হাজার টাকা এবং এমওপি সার ৯৫০ টাকা দরে বিক্রি করা হয়। কৃষকদের মধ্যে নির্ধারিত পরিমাণে এসব সার বিতরণ করা হয়।

এ সময় ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন। তিনি জানান, অবৈধভাবে পাচারের সময় জব্দ করা সারগুলো সরকারি নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। বিক্রির অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

এর আগে গত ৩ নভেম্বর ভোলার ইলিশা এলাকায় নদীপথে সার পাচারের সন্দেহে স্থানীয়রা ২৯০ বস্তা সার আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাশ। এ ঘটনায় সার গুলো উদ্ধার করে স্থানীয় একটি গোডাউনটিও সিলগালা করা হয়।

পরবর্তী সময়ে তদন্তে ৮০ বস্তা সারের বৈধ কাগজপত্র পাওয়া যায়। স্থানীয় কৃষক রফিক ক্রয়ের স্লিপ দেখাতে পারায় ওই সারগুলো বৈধ ঘোষণা করা হয়। তবে বাকি ২১৮ বস্তা সারের মালিকানা ও বৈধতার প্রমাণ না পাওয়ায় সেগুলো অবৈধ ঘোষণা করে জব্দ করা হয়।

এদিকে সরকারি দরে জব্দ করা সার কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তারা জানান, ডিলারদের সিন্ডিকেট ও বাজারে সারের কৃত্রিম সংকটের কারণে অনেক সময় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কিনতে হচ্ছে। আবার বেশি দাম দিয়েও প্রয়োজনের সময় সার পাওয়া যায় না। এতে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় তাদের। এমন পরিস্থিতিতে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে কিনতে পেরে কিছুটা আর্থিক সাশ্রয় হয়েছে বলে জানান।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!