ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শ্রমিক বিক্ষোভের খবর নিতে গেলেই হুমকি, সাংবাদিকদের বাধা দিচ্ছে
শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন। সেই আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদেরই পড়তে হচ্ছে হুমকি ও বাধার মুখে। কেউ বলছেন, ‘মোবাইল নামান, ভিডিও করেন কেন? ভিডিও করলে কিন্তু মোবাইল থাকত না।’ আবার কেউ ছবি তুলতে গেলে সামনে দাঁড়িয়ে বাধা দিচ্ছেন, মোবাইল কেড়ে নেওয়ার ভয় দেখাচ্ছেন। গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে রোববার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনে সংবাদমাধ্যমের ভূমিকা যেখানে গুরুত্বপূর্ণ, সেখানে সংবাদ সংগ্রহে এমন বাধা ও হুমকি নতুন করে প্রশ্ন তুলেছে আন্দোলনের মাঠে সাংবাদিকদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে কারা?
রোববার (২২ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে শ্রীপুরের পুরানবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকেরা আন্দোলনের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে এক যুবক তাঁদের উদ্দেশে উচ্চস্বরে হুমকিমূলক মন্তব্য করেন। ওই সময় শ্রীপুর ও গাজীপুর সদরের বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা ঘটনাস্থলে ছিলেন। তাঁদের মধ্যে এই প্রতিবেদকও ছিলেন।
শুধু পুরানবাজার নয়, বেলা পৌনে ১২টার দিকে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকাতেও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় এই প্রতিবেদককে। মহাসড়কের সড়ক বিভাজকের ওপর দাঁড়িয়ে বিক্ষোভের ছবি তুলতে গেলে এক যুবক দৌড়ে এসে সামনে দাঁড়ান। ছবি তুলতে নিষেধ করার পাশাপাশি মোবাইল ফোন কেড়ে নেওয়ার হুমকিও দেন তিনি।
একই আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে একাধিক স্থানে এমন বাধার মুখে পড়ার ঘটনা সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। প্রশ্ন উঠেছে, শ্রমিকদের দাবি-দাওয়া ও আন্দোলনের বাস্তব চিত্র গণমাধ্যমে তুলে ধরতে বাধা দেওয়া হচ্ছে কেন? কার স্বার্থে সংবাদ সংগ্রহ নিয়ন্ত্রণের চেষ্টা?
আন্দোলন নাকি সংবাদ নিয়ন্ত্রণের চেষ্টা?
শ্রমিকদের বেতন বৃদ্ধি, বকেয়া পাওনা ও অন্যান্য অধিকার আদায়ের দাবিতে আন্দোলন দীর্ঘদিন ধরেই গাজীপুরের শিল্পাঞ্চলে আলোচনার বিষয়। এসব দাবি-দাওয়া, শ্রমিকদের দুর্ভোগ, কারখানা কর্তৃপক্ষের অবস্থান এবং প্রশাসনের পদক্ষেপ জনসমক্ষে তুলে ধরার ক্ষেত্রে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বাধা দেওয়া হলে শ্রমিকদের প্রকৃত পরিস্থিতিও আড়ালে থেকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, শিল্পকারখানা এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান ভিত্তি। শ্রমিকদের ন্যায্য দাবি থাকলে তা অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তবে আন্দোলনের নামে সড়কে নৈরাজ্য, যানবাহন ভাঙচুর কিংবা সংবাদকর্মীদের হুমকি দেওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁদের মতে, আন্দোলনের সামনের সারিতে থাকা ব্যক্তিদের পরিচয় ও ভূমিকা খতিয়ে দেখা দরকার।
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
গাজীপুরে শ্রমিক অসন্তোষের বিভিন্ন ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে একাধিক গণমাধ্যমকর্মী হামলা ও বাধার শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করা জরুরি।
সাংবাদিকেরা শ্রমিকদের বক্তব্য, কারখানা কর্তৃপক্ষের অবস্থান, প্রশাসনের পদক্ষেপ এবং আন্দোলনের প্রকৃত চিত্র তুলে ধরেন। এসব তথ্যের ভিত্তিতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। অথচ সংবাদকর্মীদেরই তথ্য সংগ্রহে বাধা দেওয়া হলে আন্দোলনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন দেখা দেয়।
শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে কেউ যদি সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে সংবাদ সংগ্রহে বাধা দেন, তাহলে তাঁর উদ্দেশ্য কী—সেটিও অনুসন্ধানের দাবি রাখে। আন্দোলনের নেতৃত্বে কারা রয়েছেন, সাংবাদিকদের বাধা দেওয়ার ঘটনায় তাঁদের ভূমিকা কী এবং এসব ঘটনার বিষয়ে প্রশাসনের অবস্থান কী তা স্পষ্ট হওয়া প্রয়োজন।
যেভাবে উত্তপ্ত হয় মহাসড়ক
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি, নতুন বাজার ও গিলারচালা এলাকায় কয়েক দফায় অবরোধ করেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। এ সময় একটি বাস ও একটি ট্রাক ভাঙচুর করা হয়। কয়েকটি বাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও ধাওয়া দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
শ্রমিকেরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।