ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফ্ল্যাট কেনার কথা বলে ব্যবসায়ীকে জিম্মি, ৩ লাখ টাকা লুটের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৩, ২২ নভেম্বর ২০২৬
ফ্ল্যাট কেনার কথা বলে ব্যবসায়ীকে জিম্মি, ৩ লাখ টাকা লুটের অভিযোগ
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট কেনার কথা বলে ডেভেলপার কোম্পানির এক পরিচালককে বাসায় ডেকে জিম্মি করে মারধর ও ভয়ভীতি দেখিয়ে ৩ লাখ ৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আরিফ হোসেন (৩৮), মারুফা আক্তার (২৪) ও তানজিলা আক্তার ওরফে তানিয়া ওরফে রিয়া মনি (২০)। ভুক্তভোগী এ.টি.এম. গাউসুল ওয়াজেদ (৫২) স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের পরিচালক।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর ‘স্বপ্নের পৃথিবী’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ও ‘একটা ডালে দুইটা ফুল’ নামের ইমো আইডি থেকে নাদিরা পরিচয়ে এক নারী গাউসুল ওয়াজেদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ওই কোম্পানির মাধ্যমে ফ্ল্যাট কেনার আগ্রহ প্রকাশ করে বিভিন্ন সময় কথাবার্তা বলেন।

এর ধারাবাহিকতায় গত ২১ নভেম্বর সকাল ৮টার দিকে সরাসরি আলোচনার জন্য সিদ্ধিরগঞ্জের মাদানিনগর মাদরাসার বিপরীতে যেতে বলা হয় তাঁকে। সকাল সাড়ে ৮টার দিকে সেখানে পৌঁছালে ওই নারী তাঁকে রিকশায় করে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বাসায় নিয়ে যান। সেখানে আরও এক নারী ছিলেন। ফ্ল্যাট কেনার বিষয়ে আলোচনার একপর্যায়ে দুই নারী তাঁকে অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাঁকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

একপর্যায়ে ৬ থেকে ৭ জন পুরুষ ওই কক্ষে ঢুকে তাঁকে মারধর ও ভয়ভীতি দেখান। আটকে রেখে মুক্তির জন্য ১০ লাখ টাকা দাবি করা হয়। পরে তাঁর মোবাইল ফোন থেকে স্ত্রীকে কল করে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় শুরু করেন চক্রের সদস্যরা।

অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগীর নগদ ও বিকাশ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন নম্বরে টাকা পাঠানো ও ক্যাশ আউটের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা নেওয়া হয়। এ ছাড়া তাঁর ডাচ্-বাংলা ব্যাংকের ডেবিট কার্ড থেকে ৪২ হাজার টাকা, যমুনা ব্যাংকের ভিসা কার্ড থেকে ১১ হাজার টাকা উত্তোলন করা হয়। মানিব্যাগে থাকা নগদ ২০ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে ৩ লাখ ৩ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

গত ২১ নভেম্বর সকাল ৮টা ৪৫ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত তাঁকে আটকে রাখা হয়। মুক্তি দেওয়ার সময় এ ঘটনা কাউকে জানালে কিংবা আইনের আশ্রয় নিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

মুক্তি পাওয়ার পর ঢাকায় ফিরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে এক বন্ধুকে নিয়ে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার বিএম টাওয়ারের দ্বিতীয় তলার ২০১ নম্বর ফ্ল্যাটে অভিযান চালায় ডিবি পুলিশ। পালানোর চেষ্টা করলে মো. আরিফ হোসেনকে আটক করা হয়। পরে তাঁর ভাড়া বাসার কক্ষ থেকে মারুফা আক্তার ও তানজিলা আক্তার ওরফে তানিয়া ওরফে রিয়া মনিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, এ চক্রে আরও কয়েকজন জড়িত এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে নানা কৌশলে ফ্ল্যাটে ডেকে আটকে রেখে মুক্তিপণ আদায় করে আসছিল।

এ ঘটনায় নাদিরা ও ইমরান ছদ্মনামে পরিচিত দুজনসহ অজ্ঞাতপরিচয় আরও ৫ থেকে ৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তার ও লুণ্ঠিত টাকা উদ্ধারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!