ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

৩০ হাজার টাকা মজুরির দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, লিংক রোডে উত্তেজনা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ৩ নভেম্বর ২০২৬
৩০ হাজার টাকা মজুরির দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, লিংক রোডে উত্তেজনা
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

এর আগে বিকেল ৩টার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকায় বিভিন্ন পোশাক কারখানা থেকে বেরিয়ে শ্রমিকেরা সড়কে জড়ো হন। পরে তারা লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে শত শত যানবাহন। পুলিশ ব্যারিকেড দিয়ে শ্রমিকদের বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা তা ভেঙে মূল সড়কে উঠে আসেন।

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও বিজিবি মোতায়েন ছিল। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়। জলকামান ও সাঁজোয়া যান নিয়েও অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের শহরের দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিতে না পারেন। বিকেল ৫টা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

আগের দিনও সড়ক অবরোধ

একই দাবিতে সোমবারও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। শিবু মার্কেট, জালকুড়ি ও ভুইগড় এলাকায় অবস্থান নিয়ে তারা সড়কে আগুন জ্বালিয়ে ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেন। পরে বিকেল সোয়া ৪টার দিকে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকেরা। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।

পাঁচ দফা দাবিতে আন্দোলন

শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, সব কারখানায় রেশনিং ব্যবস্থা চালু এবং ট্রেড ইউনিয়নের অধিকার বাস্তবায়ন। নারায়ণগঞ্জের পাশাপাশি গাজীপুর, মিরপুর, সাভার ও আশুলিয়ায়ও এসব দাবিতে শ্রমিকদের আন্দোলন চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!