ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
শ্রীপুরে চার কারখানায় শ্রমিকদের হামলা-ভাঙচুর, তিন দিনের ছুটি
গাজীপুরের শ্রীপুরে সকালে একযোগে চারটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়েছেন একদল শ্রমিক। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে উপজেলার দক্ষিণ ভাংনাহাটি ও কেওয়া পূর্বখণ্ড (কেওয়াচালা) এলাকায় এসব ঘটনা ঘটে। হামলাকারীরা কারখানার প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান। এ ঘটনায় কারখানাগুলোর বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির কারণে কয়েকটি কারখানার ফটকে তিন দিনের ছুটির নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
ভাঙচুরের শিকার কারখানাগুলো হলো দক্ষিণ ভাংনাহাটি গ্রামের হ্যামস গার্মেন্টস লিমিটেড, ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড ও লাক্সমা ইনার ওয়্যার লিমিটেড এবং কেওয়া পূর্বখণ্ড গ্রামের ক্রিস্টাল মার্টিন অ্যাপারেলস লিমিটেড।
দক্ষিণ ভাংনাহাটি গ্রামের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী মো. আরিফুল ইসলাম বলেন, সকাল ৮টার দিকে শতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে হ্যামস গার্মেন্টসের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা কারখানার প্রধান ফটকে ধাক্কা দিয়ে খুলে ভেতরে প্রবেশ করেন। পরে কারখানার প্রশাসনিক ভবনে ভাঙচুর চালান। কিছুক্ষণ পর তাঁরা সেখান থেকে চলে যান। এরপর কারখানার ফটকে তিন দিনের ছুটির নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ।
আরিফুল ইসলাম আরও বলেন, প্রায় একই সময়ে পাশের ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড ও লাক্সমা ইনার ওয়্যার লিমিটেড কারখানার ফটকেও একদল শ্রমিক ভাঙচুর চালান।
পাশের একটি টেক্সটাইল কারখানার কর্মী মো. সেলিম বলেন, সকালে কাজে যাওয়ার পথে তিনি হ্যামস গার্মেন্টসে ভাঙচুরের ঘটনা দেখতে পান। তবে কারা বা কী কারণে এ ভাঙচুর চালিয়েছেন, তা তিনি জানেন না।
অন্যদিকে স্থানীয় একটি সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে কেওয়া পূর্বখণ্ডের ক্রিস্টাল মার্টিন অ্যাপারেলস লিমিটেড কারখানার প্রধান ফটকে একদল শ্রমিক ভাঙচুর চালান। তাঁদের অনেকের হাতে লাঠিসোঁটা ছিল। একপর্যায়ে তাঁরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।
হ্যামস গার্মেন্টসের কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, সকালে তাঁদের কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা কারখানার ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান। পাশের একই গ্রুপের ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানাতেও ভাঙচুর করা হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা এমন খবর পেয়েছি। ইতিমধ্যে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। গিয়ে এ বিষয়ে বিস্তারিত জানতে পারব।’