ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক মুন্সি মোয়াজ্জেম হোসেনসহ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বাদ আসর বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে বিদ্যালয় কর্তৃপক্ষ এ আয়োজন করে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রয়াত প্রধান শিক্ষক মুন্সি মোয়াজ্জেম হোসেনের স্ত্রী মাজেদা মোয়াজ্জেম হোসেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মহসীন আলীর সঞ্চালনায় স্মরণসভায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের কর্মময় জীবন ও অবদান তুলে ধরে বক্তব্য দেন সাবেক সহকারী প্রধান শিক্ষক মুন্সি মোস্তাফিজুর রহমান, সাবেক প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মরিয়ম বেগম ও নাসরিন জাহান, সহকারী প্রধান শিক্ষক নুরুন্নাহার, সিনিয়র শিক্ষক আব্দুস ছালাম, ইঞ্জিনিয়ার মাছুম বিল্লাহ ও মোল্যা রুবেল মাহমুদসহ অন্যরা।
বক্তারা বলেন, আদর্শ শিক্ষকের মৃত্যু হয় না। সততা, দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেম, ত্যাগ ও নৈতিকতার মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। তারা শুধু শিক্ষার্থীদের স্বপ্ন দেখান না, সেই স্বপ্ন বাস্তবায়নের পথও দেখিয়ে যান। মানুষ তার কর্মের মধ্যেই বেঁচে থাকে। সরলতা ও ব্যক্তিত্ব একজন মানুষকে মানুষের হৃদয়ে অমর করে রাখে।
সাবেক প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের পিতৃতুল্য অভিভাবক। প্রয়াত প্রধান শিক্ষক মুন্সি মোয়াজ্জেম হোসেনসহ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক-কর্মচারীদের মধ্যে একজন আদর্শ শিক্ষকের সব গুণ ছিল। তাদের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। মহৎ কর্মের মধ্য দিয়ে তারা পরকালেও শান্তি লাভ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে ভবিষ্যতেও দোয়া মাহফিল অব্যাহত রাখার কথা জানান তিনি।
আলোচনা শেষে প্রয়াত শিক্ষক-কর্মচারীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান।