ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
টানা বৃষ্টিতে সাতক্ষীরায় ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্থ
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে জেলার ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে আমন ধান ও সরিষার জমি বেশি। কোথাও পাকা ধান কাটা ব্যাহত হচ্ছে, কোথাও কেটে রাখা ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শীতকালীন সবজির খেতেও পানি জমেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, বৃহস্পতিবার সকাল থেকে শনিবার রাত পর্যন্ত জেলায় মোট ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এ বৃষ্টি হয়েছে। আজ রোববার থেকে বৃষ্টির প্রবণতা কমে আবহাওয়া স্বাভাবিক হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাব অনুযায়ী, বৃষ্টিতে জেলার ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২ হাজার ২৭১ হেক্টর জমির আমন ধান, ২ হাজার ৭২৯ হেক্টর জমির সরিষা এবং ৫২১ হেক্টর জমির শাকসবজি রয়েছে। এ ছাড়া ১৫ হেক্টর জমির আলু, ৭ হেক্টর জমির খেসারি, ৪ হেক্টর জমির মরিচ, ১৬ হেক্টর জমির পেঁয়াজ ও ৪ হেক্টর জমির রসুন আক্রান্ত হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইকবাল আহমেদ বলেন, বৃষ্টির পরের পরিস্থিতি বিবেচনায় নিয়ে আক্রান্ত জমির প্রাথমিক হিসাব করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ও ফসলের আর্থিক ক্ষতির পরিমাণ নিরূপণে আরও সময় লাগবে। মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিস্তারিত হিসাব করা হবে।
সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ধান ও সবজির খেতে পানি জমে আছে। অনেক কৃষক ধান কেটে মাঠে রেখেছেন। কিন্তু বৃষ্টির কারণে তা শুকাতে পারছেন না। এতে কেটে রাখা ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। আবার অনেক জমিতে এখনো পাকা ধান রয়েছে। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শিম, মুলা, টমেটো ও বেগুনের খেতেও পানি জমেছে।
তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৬৯০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি এবং ১৬৫ হেক্টর জমিতে বাঁধাকপি ও ফুলকপির আবাদ হয়েছে।
তালার কৃষক ফক্কার আলী দুই বিঘা জমিতে বাঁধাকপির আবাদ করেছেন। তাঁর বাঁধাকপি এখন বিক্রির উপযোগী। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তিনি।
তালা উপজেলার ইসলামকাঠি গ্রামের কৃষক আহমাদ আলী বলেন, ‘আমার জমির ধান কেটে মাঠে রাখা আছে। টানা বৃষ্টিতে ধান ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। বৃষ্টি না কমলে সব ধান ঘরে তোলা সম্ভব হচ্ছে না। এ ছাড়া মাঠের অনেক জমিতে এখনো পাকা ধান আছে। খুব দুশ্চিন্তায় পড়েছি।’
তালার মহন্দী গ্রামের ফুলকপিচাষি আকছেদ হোসেন বলেন, ‘আমার ফুলকপির খেতের জমিতে পানি জমে গেছে। গাছের গোড়া পচে যায় কিনা ভয়ে আছি।'
জেলার অন্য উপজেলাগুলোতেও বৃষ্টির প্রভাব পড়েছে। আশাশুনিতে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। চলতি মৌসুমে উপজেলায় ৯ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে বৃষ্টির আগে প্রায় ৪৫ শতাংশ জমির ধান কাটা হয়েছিল। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার জানান, মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে।
আশাশুনির নওয়াপাড়া গ্রামের কৃষক জালাল উদ্দীন বলেন, বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে। কোথাও কোথাও ধানের শিষ পানিতে ডুবে রয়েছে।
কালিগঞ্জ ও কলারোয়া উপজেলায়ও পাকা আমন ধান কাটতে দেরি হচ্ছে। বৃষ্টির কারণে সদ্য বোনা সরিষার চারার ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। অন্যদিকে শ্যামনগরের গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের বিভিন্ন কাঁচা সড়কে কাদা জমে চলাচলে সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর অন্তত দুই দিন পর্যবেক্ষণ করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে। দেরিতে রোপণ করা আমন ধান এখনো অনেক জমিতে রয়েছে। এ ছাড়া ১৫ থেকে ২০ দিন আগে বোনা সরিষার জমিতে ৩৬ ঘণ্টা বা তার বেশি সময় পানি জমে থাকলে চারার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য জমিতে নালা কেটে দ্রুত পানি নিষ্কাশনের পরামর্শ দেওয়া হচ্ছে।