ঢাকা, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
প্রতিপক্ষ লন্ডভন্ড ভিনিঝড়ে, ব্রাজিলের প্রথমার্ধেই ৪ গোল
ব্রাজিল ২০২৬ সালের শেষ আন্তর্জাতিক ম্যাচে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হয়। আর এই ম্যাচেই নিজের জাত চেনালেন ভিনিসিয়ুস জুনিয়র। মাত্র ১১ মিনিটের ব্যবধানেই সিঙ্গাপুরের বিপক্ষে তিন গোল করলেন তিনি। আর তাতেই ব্রাজিলের জার্সিতে নতুন ইতিহাস গড়লেন রিয়াল মাদ্রিদের এই তারকা।
সেলেসাওদের হয়ে প্রথমবার হ্যাটট্রিক করার অবিস্মরণীয় কীর্তি গড়লেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচ শুরুর ৯ মিনিটেই সিঙ্গাপুরের জালে প্রথম গোল করেন ভিনি। এরপর ১৫ মিনিটে দ্বিতীয় আর ২১ মিনিটেই প্রতিপক্ষের জালে ব্যক্তিগত তৃতীয় গোল করে হ্যাটট্রিকের নজির গড়েন ভিনিসিয়ুস। অর্থাৎ ম্যাচের ২১ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের হয়ে এর আগে কখনো এক ম্যাচে তিন গোল করতে পারেননি ভিনিসিয়ুস। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সেই অপেক্ষার অবসান ঘটালেন ২৬ বছর বয়সী এই তারকা।
তবে তিন গোলেই অবশ্য থেমে থাকেনি ব্রাজিল। ম্যাচের বয়স যখন ৩১ মিনিট তখন আবারও সিঙ্গাপুরের জালে বল জড়ায় আনচেলত্তির দল। তবে এবার গোলদাতা এনড্রিক। ফলে ৪-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।
এর আগে গত শনিবার জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচেও ব্রাজিলের হয়ে দুই গোল করেছিলেন ভিনিসিয়ুস। তবে তার জোড়া গোলের পরও ৩-২ ব্যবধানে হেরে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার সিঙ্গাপুরের বিপক্ষে দ্রুত হ্যাটট্রিক করে সেই হতাশা কাটানোর সুযোগ পেয়েছেন তিনি।