ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন ১০ মিনিটে ৩ গোল করে
এফসি বার্সেলোনা দুই গোলে পিছিয়ে পড়েও ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ ব্যবধানে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে। শুরুতে সফরকারীরা সহজ লিড নিলেও বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় বার্সা। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সেল্টা ভিগোকে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারানোর পর হান্সি ফ্লিকের দলের সামনে করণীয় পরিষ্কার ছিল।
রক্ষণের কেন্দ্রে ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে রেখে মাঝমাঠে ফারমিন লোপেজ, মার্ক বার্নাল ও পেদ্রিকে নিয়ে একাদশ সাজান তিনি। তবে শুরুটা ভয়াবহ হয় বার্সার। মাত্র পাঁচ মিনিটের মাথায় ফারমিন লোপেজের চোখ এড়িয়ে দূরপাল্লার দুর্দান্ত শটে গোল করেন কানাডিয়ান ফরোয়ার্ড তাজন বুকানন।
বল দুবার বাউন্স করার পর জোরালো শটে জাল খুঁজে নেন তিনি। সপ্তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে তানি ওলুয়াসেয়ির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভিয়ারিয়াল। ডি ইয়ংকে পরাস্ত করে আলবার্তো মোলেইরোকে বল বাড়ান জর্জেস মিকাউতাদজে। মোলেইরোর থ্রু বল পেয়ে লক্ষ্যভেদ করেন ওলুয়াসেয়ি।
এরপর বার্সেলোনার একটি পেনাল্টির আবেদন শুরুতে নাকচ করে দেন রেফারি আলেহান্দ্রো হার্নান্দেজ। তবে লামিনে ইয়ামাল ফাউলের শিকার হওয়ায় ভিএআরের হস্তক্ষেপে পেনাল্টি পায় স্বাগতিকেরা। স্পট কিক থেকে ইয়ামালের শট পোস্টের বাইরের দিকে লেগে ফিরে আসে।
ম্যাচের নিয়ন্ত্রণ রেখে দ্রুতগতির আক্রমণে বারবার ভীতি ছড়ালেও বিরতির আগে গোলের দেখা পায়নি বার্সেলোনা। অন্যদিকে, কাতালান রক্ষণের পেছনে লম্বা পাস বাড়িয়ে প্রতি-আক্রমণের সুযোগ খুঁজছিল ভিয়ারিয়াল।
বিরতির পর সুযোগ পান ফারমিন লোপেজ ও জেরার্ড মার্টিন। একের পর এক আক্রমণে চাপ বাড়ায় কাতালানরা। এর মধ্যে জোয়াও কানসেলোর শট পোস্টে লেগে ফিরে আসে। অবশেষে ৫৭তম মিনিটে পেদ্রির ক্রস থেকে হেডে ব্যবধান কমান মার্টিন।
কয়েক মিনিট পরই সমতায় ফেরে বার্সা। ছন্দময় এক আক্রমণ থেকে ইয়ামালের পাস পেয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ান লোপেজ। এর পরপরই গার্সিয়ার ক্রস নিজেদের জালে জড়িয়ে বসেন পাউ নাভারো, আর তাতেই পূর্ণতা পায় বার্সার প্রত্যাবর্তন।