ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
টিসিবির গুদাম সক্ষমতা হবে এক লাখ টন
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে গুদাম সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সংস্থাটির নিজস্ব গুদামে পণ্য সংরক্ষণের সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে।
এ লক্ষ্যে নতুন গুদাম নির্মাণের পাশাপাশি ভাড়া করা গুদামের সংখ্যাও বাড়ানো হচ্ছে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অতিরিক্ত গুদাম ভাড়া নেওয়া এবং নিজস্ব গুদাম নির্মাণের মাধ্যমে পণ্য সংরক্ষণের সক্ষমতা বাড়ানো হচ্ছে।
বর্তমানে নিজস্ব ও ভাড়া করা গুদাম মিলিয়ে টিসিবির সংরক্ষণ সক্ষমতা প্রায় ৬৪ হাজার ৭৫৩ মেট্রিক টন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তা ৭৫ হাজার মেট্রিক টনে উন্নীত হবে বলে আশা করছে সংস্থাটি।
আগামী বছর নিজস্ব গুদামের সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর কথা রয়েছে।
গুদাম সম্প্রসারণের পাশাপাশি আপৎকালীন মজুত বা বাফার স্টক বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো, মজুতের পরিমাণ ও ব্যবস্থাপনা নির্ধারণে সম্ভাব্যতা সমীক্ষা শুরু হয়েছে। সমীক্ষা শেষ হতে প্রায় এক বছর লাগতে পারে বলে জানিয়েছেন টিসিবি চেয়ারম্যান।
টিসিবি নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির জন্য অন্তত এক মাসের চাহিদা পূরণের মতো মজুত রাখতে চায়। পাশাপাশি পরিচালনাগত প্রয়োজনে আরও এক মাসের সমপরিমাণ পণ্য সংরক্ষণের সক্ষমতা গড়ে তোলার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
বিশেষ করে রমজানের মতো মৌসুমে পণ্যের চাহিদা বাড়লে আগাম সংগ্রহ ও সংরক্ষণের মাধ্যমে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা সহজ হবে। একইভাবে পণ্য সংগ্রহে বিলম্ব বা সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটলেও বাড়তি মজুত কাজে আসবে।
বর্তমানে নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির পাশাপাশি ট্রাকের মাধ্যমেও পণ্য বিতরণ করে টিসিবি। গুদাম সক্ষমতা বাড়লে এসব কার্যক্রমে পণ্য সংগ্রহ ও বিতরণ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে আশা করছে সংস্থাটি।